পার্স হাতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক মহিলা পথচারী। হঠাৎ পিছন থেকে এসে তাঁর মহিলার হাত থেকে পার্স ছিনিয়ে নিয়ে দৌড় দিল চোর। এই দৃশ্য পুলিশের নজরে পড়ায় ঘোড়ায় চেপে চোরের পিছনে দৌড়োল পুলিশ। চোরের পিছনে দৌড়ে তাকে ধরেও ফেলল পুলিশ। পার্স ছিনতাইকারীকে হাতকড়া পরিয়ে মহিলার পার্স উদ্ধার করলেন পুলিশকর্মী। তাঁর শরীরে লাগানো ক্যামেরায় (বডিক্যাম) ঘোড়ায় চেপে চোরের পিছনে ছোটার দৃশ্য ধরা পড়েছে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘এনওয়াইপিডি নিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক পুলিশকর্মী ঘোড়ার পিঠে চড়ে চোরের পিছনে ছুটছেন। ঘোড়ার গতি বাড়িয়ে চোরটিকে ধরে ফেলল পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি বুধবার ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইডে ওয়েস্ট ৭২ স্ট্রিটে সকাল ১১টা নাগাদ ঘটেছে।
জনবসতির যে জায়গাগুলিতে পুলিশ গাড়ি নিয়ে যেতে পারে না, সেখানে যাতায়াতের সুবিধার জন্য ঘোড়ার ব্যবস্থা করা হয়েছে। এক মহিলা পথচারীর পার্স চুরি করে পালিয়ে গিয়েছিল চোর। তৎপরতার সঙ্গে ঘোড়ার পিঠে চেপে চোরটিকে গ্রেফতার করে পুলিশ। এই ভিডিয়োটি দেখে ঘোড়সওয়ার পুলিশের প্রশংসা করেছেন নেটপাড়ার অধিকাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ঘোড়া ছুটিয়ে চোরকে যে পুলিশকর্মী ধরে ফেলেছেন, তাঁকে কুর্নিশ জানাই।’’