বড় উদ্যান জুড়ে পুষ্প প্রদর্শনীর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্থানীয়েরা অনেকেই ফুল-ফলের গাছ প্রদর্শন করার জন্য দান করেছেন। কিন্তু যে ফুল দেখার জন্য এত আয়োজন, পুষ্প প্রদর্শনীতে পৌঁছে সেই ফুলগুলিই ছিঁড়তে শুরু করলেন দর্শনার্থীরা। তা নিয়ে নিজেদের মধ্যেই লেগে গেল তুমুল অশান্তি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘সুরজ কুমার বৌদ্ধ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, পুষ্প প্রদর্শনীর জন্য উদ্যানের চারদিকে ফুল দিয়ে সাজানো হয়েছে। লোকজন সেখানে ঘুরতে গিয়ে ফুল ছিঁড়ে ফেলছেন। এই ঘটনাটি নয়ডার সেক্টর ৩৩ এলাকার শিবালিক উদ্যানে ঘটেছে।
ফুল ছিঁড়তেই ভিড় জমে গিয়েছে সেখানে। তাঁদের দেখে মনে হচ্ছে যেন ভাল ফুল ছিঁড়ে নেওয়ার প্রতিযোগিতায় নেমেছেন সকলে। এই দৃশ্য দেখে মর্মাহত হয়ে যান এক দম্পতি। সকলকে ফুল ছিঁড়তে বারণ করছিলেন তাঁরা। কিন্তু সেই দম্পতির সঙ্গেই ঝগড়া শুরু করে দেন অনেকে। এক ব্যক্তি ফুল ছিঁড়ে তাঁর জীবনসঙ্গিনীকে উপহার দিয়েছিলেন। অশান্তি চলাকালীন তিনি বলেন, ‘‘সকলে ছিঁড়ছেন তাই আমিও ছিঁড়েছি। এতে দোষ কোথায়! আপনার বিদ্যেবুদ্ধি আপনার কাছেই রাখুন।’’
আরও পড়ুন:
ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে সমালোচনার বন্যা বয়ে যায়। এক নেটাগরিক লিখেছেন, ‘‘সৌন্দর্যের মূল্য সকলে দিতে পারেন না। ফুলগুলি সুন্দর করে সাজানো ছিল বলে উদ্যানের শোভা আরও বৃদ্ধি পাচ্ছিল। কিন্তু গাধা পিটিয়ে কি কখনও ঘোড়া বানানো যায়?’’