Advertisement
E-Paper

নববধূর উপর ‘কোটি কোটি টাকার নোটের বৃষ্টি’! ভিডিয়ো ভাইরাল হতে বিতর্ক, মুখ খুললেন শ্যালক

তরুণ কর্মসূত্রে অস্ট্রেলিয়ায় থাকেন। সেখানে ট্রাকের ব্যবসা চালান তিনি। বিয়ে উপলক্ষে পঞ্জাবে এসেছিলেন। বিয়ের অনুষ্ঠানে নোট ওড়াতে দেখা যায় তাঁকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২৯

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

নোটের গালিচায় দাঁড়িয়ে নতুন বৌ। তাঁর সামনে দু’টি ভারী ব্যাগ রাখা। সেই ব্যাগ দু’টি থেকে নোট বার করে টাকা ওড়াচ্ছেন পাত্র। কেউ মাটি থেকে টাকা কুড়িয়ে নিতে ব্যস্ত। কেউ আবার হাসিমুখে এই ঘটনার সাক্ষী হয়ে রইলেন। এমনই একটি ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। নেটপাড়ার একাংশের দাবি, বিয়ের অনুষ্ঠানে কোটি কোটি টাকার নোট এ ভাবেই উড়িয়ে দেওয়া হয়েছে। তার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক।

‘গগনদীপ সিংহ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, নতুন বৌ লাল লেহঙ্গা পরে দাঁড়িয়ে রয়েছেন। তাঁর জীবনসঙ্গী ব্যাগ থেকে টাকা বার করে নোট ছড়িয়ে দিচ্ছেন। ফুলের বৃষ্টি কোন ছাড়! নববধূকে ঘিরে তখন টাকার ‘বৃষ্টি’। ভিডিয়োটি ভাইরাল হতে জানা যায়, বিয়ের অনুষ্ঠানে সাড়ে ৮ কোটি টাকার নোট ওড়ানো হয়েছে। তা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে নেটপাড়ায়। এক নেটাগরিক ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘‘দেশে কত গরিব মানুষ রয়েছেন। আর এখানে জলের মতো টাকা ওড়ানো হচ্ছে!’’

পরে বরের ভাই এই প্রসঙ্গে মুখ খোলেন। তিনি জানান, তাঁর দাদা কর্মসূত্রে অস্ট্রেলিয়ায় থাকেন। সেখানে ট্রাকের ব্যবসা চালান তিনি। বিয়ে উপলক্ষে পঞ্জাবে এসেছেন তিনি। তবে, নববধূকে আশীর্বাদ করার জন্য নোট ওড়ানোর ঘটনা সত্য হলেও কোটি কোটি টাকার নোট ওড়ানো হয়নি। নববধূর শ্যালকের দাবি, প্রেম দিবসে বিয়ে করেছেন তাঁর দাদা। সেখানে দু’লক্ষ টাকার নোট ওড়ানো হয়েছিল।

তবে, অনুষ্ঠান আয়োজক এবং ঘটনাস্থলে থাকা ডিজে ভিন্ন দাবি করেছেন। তাঁদের দাবি, সেখানে ভারতীয় মুদ্রার পাশাপাশি ডলারও ওড়ানো হয়েছিল। কোটি কোটি টাকা না হলেও সব মিলিয়ে ৪ লক্ষ টাকা ওড়ানো হয়েছে বিয়ের অনুষ্ঠানে।

Viral Video Wedding Ceremony Punjab
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy