রকেটের গতিতে ধেয়ে আসছে বাইক। সেই বাইকের ধাক্কায় ছিটকে পড়লেন এক পথচারী। সেই সংঘর্ষে মারা গেলেন তিন জনই। রবিবার ভোরবেলায় মুম্বইয়ের মেরিন ড্রাইভের ঘটনা। সংবাদ প্রতিবেদন অনুসারে, পার্সি গেটের কাছে এনএস রোডে ভোর ৫টা ৪০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বাইকের ধাক্কায় কিশোর পান্ডুরঙ্গ লামনে নামে এক ৬৬ বছরের পথচারী মারা গিয়েছেন। বাইকচালক ও সওয়ারি দু’জনেই নিহত বলে পুলিশ সূত্রে খবর। মর্মান্তিক সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় ভয়াবহ দৃশ্য দেখে আঁতকে উঠেছেন নেটাগরিকেরা। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে ভোরের দিকে প্রায় জনশূন্য রাস্তা দিয়ে ওই বয়স্ক ব্যক্তি রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। এমন সময় বাইকের বিকট শব্দ শোনা যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই দ্রুত গতির বাইকটি তাঁকে ধাক্কা দেয়। ফলে তিন জনই রাস্তায় ছিটকে পড়েন। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে ধাক্কা লাগার পর বাইকটি পিছলে কয়েক মিটার এগিয়ে চলে যায়। পুলিশ জানিয়েছে যে, রবিবার রাতে মুলুন্ডে বন্ধুদের সঙ্গে তাঁর জন্মদিন উদ্যাপন করেছিলেন এবং রাত প্রায় সাড়ে ১১টার দিকে বাড়ি যাচ্ছেন বলে বন্ধুদের জানিয়ে সেখান থেকে বেরিয়েছিলেন। তবে, ধারণা করা হচ্ছে যে তিনি দক্ষিণ মুম্বইয়ের দিকে গিয়েছিলেন। ভোরবেলা তাঁর পরিবারের পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও সাড়া মেলেনি এবং পরে তাঁদের দুর্ঘটনার খবর জানানো হয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় বন্ধুকে পিছনে বসিয়ে দ্রুত গতিতে বাইকটি চালাচ্ছিলেন ১৯ বছরের তরুণ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, অতিরিক্ত গতি এবং সম্ভবত সিগনাল অমান্য করার কারণেই এই মারাত্মক দুর্ঘটনাটি ঘটেছে। আহত তিন জনকে দ্রুত জিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভর্তির আগেই চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। ভিডিয়োটি ‘এ_জ়াইদসাইদ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। মেরিন ড্রাইভ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।