বিলাসবহুল পোর্শে নিয়ে যাওয়ার সময় রাস্তার মাঝে গর্ত চোখে পড়েছিল। সরকারি সহায়তা ছাড়াই সেই রাস্তা মেরামতিতে নামলেন এক উদ্যোগপতি। দামি গাড়ির বনেটে নুড়ি-সিমেন্ট মেখে ভরাট করলেন রাস্তার গর্ত। বেঙ্গালুরুর ওই উদ্যোগপতির নাম অখিল হেমাদ্রি। তাঁর সেই রাস্তা সারাইয়ের ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। অপ্রচলিত এবং বিতর্কিত উপায়ে রাস্তা মেরামত করার কারণে সমালোচনার মুখেও পড়েছেন ওই উদ্যোগপতি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, বেঙ্গালুরুর রাস্তায় পোর্শে চালিয়ে যাচ্ছেন অখিল। তাঁর গাড়ির পিছনে রয়েছে আরও একটি গাড়ি। হঠাৎ করেই তাঁর গাড়ির চাকা রাস্তার মাঝে একটি গর্তের উপর পড়ে। গাড়ি থামান অখিল। এর পর কোনও সরকারি সহায়তা ছাড়াই রাস্তার ওই ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিনি। আশ্চর্যজনক ভাবে, গাড়ি থেকে নেমে সিমেন্ট এবং অন্য নির্মাণ সামগ্রী বার করে তা পোর্শের বনেটের উপরেই মাখাতে শুরু করেন। কংক্রিটের সেই মিশ্রণ দিয়ে রাস্তার গর্ত ভরাট করতে শুরু করেন অখিল। এর পর সেই মেরামত করা অংশের উপর জলের একটি ড্রাম রেখে দেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভিডিয়োয় নাগরিক দায়িত্বের উপর জোর দিয়ে একটি বার্তাও জুড়েছেন উদ্যোগপতি অখিল। তিনি লিখেছেন, ভারতের মতো একটি ঘনবসতিপূর্ণ দেশে সাধারণ নাগরিককে অবশ্যই সর্বসাধারণের ব্যবহার্য স্থানগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে। তাঁর দাবি, সরকার একা সব কিছু সামলাতে পারে না।
আরও পড়ুন:
তবে ‘এইচ১_কার_ডিটেলিং’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োটি সমাজমাধ্যম জুড়ে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। কিছু নেটাগরিক রাস্তার খারাপ অবস্থা তুলে ধরতে এবং ব্যক্তিগত দায়িত্ববোধকে উৎসাহিত করার একটি সৃজনশীল প্রচেষ্টা হিসাবে উদ্যোগপতির প্রশংসা করলেও অনেকে এই পদক্ষেপের কার্যকারিতা এবং উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। সমালোচনার মুখে পড়তে হয়েছে অখিলকে। দামি গাড়ির বনেটে সিমেন্ট মাখানোর জন্য বিস্ময়ও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘সরকারের যা দায়িত্ব, তা যদি আমজনতা করতে শুরু করে, তা হলে সরকারের প্রয়োজন কী? এ সব কাজ সরকারকেই দেখতে হবে।’’ অন্য এক নেটাগরিক লিখেছেন, ‘‘রাস্তা মেরামতি করেছেন ভাল কথা। কিন্তু সেটা ভিডিয়ো করে সমাজমাধ্যমে ছাড়তে হল কেন? নিজেকে মহৎ দেখানোর জন্যই মনে হয় আপনি এমনটা করেছেন।’’ তৃতীয় জন আবার লিখেছেন, ‘‘বড়লোকদের বড় বড় ব্যাপার। আমার কাছে এই গাড়়ি থাকলে আমি তার অসম্মান এ ভাবে করতে পারতাম না।’’