Advertisement
E-Paper

পানামা খালের কাছে একের পর এক জ্বালানি ট্যাঙ্কারে ভয়ঙ্কর বিস্ফোরণ! আকাশ ছুঁল আগুনের শিখা, ভাইরাল ভিডিয়ো

বিস্ফোরণের যে ভিডিয়ো ভাইরাল হয়েছে তাতে ‘ব্রিজ অফ দ্য আমেরিকাস’ সেতুর পাশে এবং উপরে বিশাল আগুনের গোলা দেখা গিয়েছে। সেতুতে যানবাহন চলাচল ব্যাহত হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ০৯:৩৮
Video shows fuel tanker explodes near Panama Canal bridge

ভয়ঙ্কর সেই বিস্ফোরণের মুহূর্ত। ছবি: এক্স থেকে নেওয়া।

পানামা খালের কাছে ভয়ঙ্কর বিস্ফোরণ। সোমবার পানামা খালের প্রশান্ত মহাসাগরীয় প্রবেশপথে ‘ব্রিজ অফ দ্য আমেরিকাস’-এর কাছে জ্বালানি ট্যাঙ্কারে আগুন ধরে ওই শক্তিশালী বিস্ফোরণ হয়েছে। ঘটনায় চার জন আহত এবং এক জন নিখোঁজ হয়েছেন বলে খবর। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

ওই বিস্ফোরণের যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, তাতে ‘ব্রিজ অফ দ্য আমেরিকাস’ সেতুর পাশে এবং উপরে বিশাল আগুনের গোলা দেখা গিয়েছে। সেতুতে যানবাহন চলাচল ব্যাহত। বিভিন্ন গাড়ির চালকেরা বিস্ফোরণস্থল থেকে পড়িমরি পালানোর চেষ্টা করছেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পানামা সিটির পশ্চিমে বালবোয়ার লা বোকা এলাকায় স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টে নাগাদ বিস্ফোরণটি ঘটে। স্থানীয় প্রশাসনের মতে, ঘটনাস্থলে পৌঁছে কর্মীরা দেখতে পান যে অন্তত তিনটি জ্বালানি ট্যাঙ্কার আগুনে পুড়ছে। কাছাকাছি থাকা জ্বালানি ট্যাঙ্কগুলিতেও যে কোনও সময় আগুন ধরে যাওয়ার আশঙ্কা ছিল। এর পরেই আগুন নেবানোর কাজ শুরু হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ও আরও বিস্ফোরণ হওয়া আটকাতে আশপাশের জ্বালানি ট্যাঙ্কগুলি সরিয়ে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ ক্ষণের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে প্রশাসন।

Advertisement

জরুরি উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ওই ঘটনায় দগ্ধ দুই সাধারণ নাগরিককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আগুন নেবানোর সময় ঝলসে যান দুই দমকলকর্মীও। তাঁদেরও হাসপাতালে ভর্তি করানো হয়। কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন যে, ওই ঘটনায় এখনও এক জনই নিখোঁজ রয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় তল্লাশি অভিযান চলছে। মনে করা হচ্ছে, বালবোয়ার একটি তেলের ট্যাঙ্কে অগ্নিকাণ্ডের জেরেই ওই বিস্ফোরণটি ঘটেছে। যদিও অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও তদন্তাধীন।

পানামা খালের প্রশান্ত মহাসাগরীয় প্রবেশপথের ওপর প্রায় ১,৬৫৪ মিটার বিস্তৃত একটি গুরুত্বপূর্ণ সড়কপথ ‘ব্রিজ অফ দ্য আমেরিকাস’। বিস্ফোরণের তীব্রতার কারণে কর্তৃপক্ষের তরফে সেটি সাময়িক ভাবে বন্ধ করে দিয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ পানামা খালের কাছাকাছি হওয়ায় ঘটনাটি বিভিন্ন মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থায় পরিবর্তনের মধ্যে সাম্প্রতিক সময়ে খালটির কৌশলগত গুরুত্ব বৃদ্ধি পেয়েছে।

ওই দুর্ঘটনার ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ওপেন সোর্স ইন্টেল’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমন আবার উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে।

Viral Video Panama Canal Explosion
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy