প্রবল ঝড়-বৃষ্টি। রাস্তার ধারে লাগানো হোর্ডিং-ও হাওয়ার দাপটে প্রায় ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেটিতে ছিদ্র করার দায়িত্ব পড়েছিল এক তরুণের কাঁধে, যাতে হাওয়া ঠিকমতো চলাচল করতে পারে। ঝড়ের মধ্যেই সেটি করতে হোর্ডিংয়ের লোহার রড বেয়ে উপরে উঠেছিলেন তরুণ। কিন্তু হাওয়ার তীব্রতায় সেটি উল্টে যায়। ছিটকে রাস্তার উপর পড়ে যান তরুণ। তাঁর উপর আছড়ে পড়ে সেই লোহার রডের কাঠামো-সহ হোর্ডিং। ভয়ঙ্কর সেই দৃশ্যের ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যম সূত্রে খবর, মৃত তরুণের নাম অমিত মোহন সুকালে। রবিবার, ৩১ মে সন্ধ্যায় ঘটনাটি ঘটে। মহারাষ্ট্রের অহিল্যানগর জেলার কাজরাত তালুকার রশিদ নামক গ্রামে ঘটনাটি ঘটে। তরুণের বয়স ২৪। বিকাশ লাহু সায়েকার নামের এক ব্যক্তি তরুণকে এই কাজের দায়িত্ব দিয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানতে পারা গিয়েছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, তুমুল ঝড়-বৃষ্টি। রাস্তার ধারে লাগানো বৃহদাকৃতির হোর্ডিংয়ের আশপাশ ছিঁড়ে গিয়ে উড়ছে। সেটি লাগানো লোহার কাঠামোটিও হাওয়ায় দুলছে। সেই কাঠামো বেয়ে এক তরুণ উপরে উঠলেন। হোর্ডিংটা ছেঁড়া থেকে বাঁচানোর দায়িত্ব পড়েছে তাঁর কাঁধে। সেটি পালন করার জন্যই এই ঝড়-জলের রাতেও কাঠামো বেয়ে উপরে উঠলেন তিনি। ঝড়ের বেগ বাড়তে লাগল। হাওয়ার তীব্রতার সঙ্গে পেরে উঠল না মরচে ধরা লোহার তৈরি কাঠামো। উল্টে পড়ল রাস্তার উপর। সেখানে দাঁড়িয়ে থাকা তরুণও উড়ে গিয়ে রাস্তার উপর ছিটকে পড়লেন। তার উপর আছড়ে পড়ল হোর্ডিং লাগানো লোহার কাঠামো।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘ডেডলি কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় ২০ হাজার বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং মন্তব্য করেছেন। তরুণ এই ঝড়-বৃষ্টির মধ্যে হোর্ডিং-এর উপর উঠেছিলেন কেন তা জানতে চেয়ে মন্তব্য করেছেন বহু নেটাগরিক। অনেকেই তাঁদের সেই প্রশ্নের উত্তর দিয়ে তরুণের মৃত্যুর জন্য শোক জ্ঞাপন করেছেন।