Advertisement
E-Paper

পার্কের বেঞ্চে বসে বিতণ্ডা, প্রেমিকাকে ঠাস ঠাস করে একের পর এক চড়! যুবকের কাণ্ডে হইচই, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি পার্কের বেঞ্চে বসে রয়েছেন এক যুগল। দু’জনে দু’দিকে মুখ ঘুরিয়ে বসে রয়েছেন। তবে নিরন্তর ঝামেলা করে যাচ্ছেন তাঁরা। এর মধ্যেই যুবক মেজাজ হারিয়ে ফেলছেন বার বার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৭
Video shows man does bizarre thing with girlfriend in park, Internet reacts

পার্কে বসে তরুণীকে মারধর যুবকের। ছবি: এক্স থেকে নেওয়া।

পার্কের বেঞ্চে বসে প্রেমিকার সঙ্গে নিরন্তর ঝামেলা। বাগ্‌বিতণ্ডার মাঝেই উঠে দাঁড়িয়ে প্রেমিকাকে ঠাস ঠাস করে চড় মারলেন যুবক! দাবি, ঘটনাটি ঘটেছে দিল্লির স্বর্ণজয়ন্তী পার্কে। সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ভিডিয়োয় দাবি, তরুণীকে বার চল্লিশেক চড় মারেন যুবক। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি পার্কের বেঞ্চে বসে রয়েছেন এক যুগল। দু’জনে দু’দিকে মুখ ঘুরিয়ে বসে রয়েছেন। তবে নিরন্তর ঝামেলা করে যাচ্ছেন তাঁরা। এর মধ্যেই যুবক মেজাজ হারিয়ে ফেলছেন বার বার। তরুণী প্রেমিকার সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায় তাঁকে। একসময় বেঞ্চ থেকে উঠে তরুণীর পিঠে সজোরে মারেন তিনি। এর পর আবার ঝামেলা শুরু হয়। তরুণীকে ঠাস ঠাস করে চড় মারতেও দেখা যায় যুবককে। তবে তরুণী পাল্টা হাত তোলেননি যুবকের গায়ে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দাবি, ভিডিয়োটি ক্যামেরাবন্দি করা শুরুর আগেই তরুণীকে ৩০-৪০ বার চড় মেরেছিলেন ওই যুবক।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘রোজ়ি’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিরক্তি প্রকাশ করেছেন, তেমনই আবার বিস্ময়ও প্রকাশ করেছেন অনেকে। তৈরি হয়েছে বিতর্ক। নারীসুরক্ষা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘সবচেয়ে মর্মান্তিক বিষয় হল, কত মানুষ হেঁটে যাচ্ছেন। কিন্তু এক জন মহিলাকে এ ভাবে মার খেতে দেখেও কেউ প্রতিবাদ করছেন না।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘ওই যুবকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। প্রকৃত মানুষেরা কারও উপর হাত তোলে না। যদি আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে না পারেন, তা হলে আপনার সম্পর্কে থাকার যোগ্যতা নেই।’’ তৃতীয় এক নেটাগরিক লিখেছেন, ‘‘যুবককে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। পুলিশের কাছেও বিষয়টি খতিয়ে দেখার আবেদন করছি।’’ যদিও এখন পর্যন্ত দিল্লি পুলিশের পক্ষ থেকে যুবকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কি না সে সম্পর্কে কিছু জানা যায়নি।

Viral Video Delhi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy