হাতে বন্দুক। বাইকে তুফান। রাস্তায় কেরামতি দেখাতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়লেন একই পরিবারের তিন সন্তান। ঘটনাস্থলে তিন ভাইয়েরই মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মৌগঞ্জ জেলায়। মর্মান্তিক সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রদেশের মৌগঞ্জ জেলায় ওই বাইক দুর্ঘটনাটি ঘটে গত ১৪ এপ্রিল। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ব্যস্ত রাস্তা দিয়ে দ্রুত গতিতে মোটরবাইক চালাচ্ছেন এক তরুণ। পিছনে বসে রয়েছেন আরও দুই তরুণ। তাঁদের এক জনের হাতে আবার একটি বন্দুক ধরা। তিন জনের কারও মাথাতেই হেলমেট নেই। অন্য একটি বাইকে আরও দু’জন রয়েছেন। দু’টি বাইক একে অপরকে ওভারটেক করার চেষ্টা করছে। যানজটের মধ্যে দিয়ে এঁকেবেঁকে যাচ্ছে। এমন সময় যে বাইকে তিন আরোহী ছিলেন, সেটি একটি ট্রাককে টপকানোর চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে সামনে ইটবোঝাই একটি ট্রাক চলে আসে। দ্রুত গতিতে বাইক চালানোর কারণে ওই বাইক যিনি চালাচ্ছিলেন, তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাইক নিয়ে ট্রাকের পিছনে জোরে ধাক্কা মারেন। রাস্তায় ছিটকে পড়েন তিন আরোহীই। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, দুর্ঘটনায় ওই তিন তরুণের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। মৃত তরুণদের নাম উপলক্ষ কোল, আমরিশ কোল এবং হেমরাজ কোল। তাঁরা তিন জন একই পরিবারের সদস্য ছিলেন। দ্বিতীয় বাইকটিতে ছিলেন তাঁদেরই বন্ধু প্রশান্ত এবং প্রদীপ দ্বিবেদী। প্রশান্ত এবং প্রদীপই দুর্ঘটনার মুহূর্ত ক্যামেরাবন্দি করেন। তাঁরা দু’জনেও দুর্ঘটনার জেরে আহত হয়েছেন বলে খবর।
আরও পড়ুন:
ওই দুর্ঘটনার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘আজ়াদ ভারত কা আজ়াদ নাগরিক’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। তিন তরুণের করুণ পরিণতির জন্য দুঃখও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘মর্মান্তিক। এই জন্য জীবনে প্রতিটি পদক্ষেপ ভেবেচিন্তে করতে হয়। কী লাভ হল এত দ্রুত বাইক চালিয়ে! তিন ভাইকেই একসঙ্গে মরতে হল।’’