কঙ্কাল বেরিয়ে গিয়েছে রাস্তার। চারদিকে নুড়িপাথর ছড়ানো। জায়গায় জায়গায় গর্ত। সেই রাস্তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে সোজা চার চাকা গাড়িতে ধাক্কা মারলেন বাইক-আরোহী। রক্ষা পেলেন অল্পের জন্য। সোমবার উত্তরপ্রদেশের ইটাওয়া শহরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার ভোরে ইটাওয়ার ব্যস্ত রাস্তায় ঘটনাটি ঘটে। রক্ষণাবেক্ষণের অভাবে বিপজ্জনক ওই রাস্তায় বাইক নিয়ে পিছলে যান দুই বাইক-আরোহী। সেই সময় উল্টো দিক থেকে আসছিল একটি গাড়ি। গাড়ির এক পাশে গিয়ে সজোরে ঝাক্কা খান বাইক-আরোহী দুই যুবক। তবে সৌভাগ্যবশত অল্পের জন্য প্রাণ রক্ষা পায় তাঁদের। ভয়ে গাড়ি থামিয়ে দেন গাড়ির চালক। ঘটনাস্থলে উপস্থিত মানুষেরা চালককে আশ্বস্ত করেন যে, দুর্ঘটনায় জন্য তিনি দায়ী নন। বেহাল রাস্তার কারণেই এই দশা। এর পর ওই দুই যুবককে এবং তাঁদের বাইক উদ্ধার করা হয়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর স্থানীয়েরা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছেন বলেও খবর।
আরও পড়ুন:
৪৩ সেকেন্ডের সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ছপরা জিলা’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের একাংশ যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘স্থানীয় প্রশাসনের ঘুম ভাঙার আগে কাউকে না কাউকে নিজের জীবন উৎসর্গ করতে হবে এই রাস্তায়।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘অলৌকিক ভাবে প্রাণ বেঁচেছে। আমি জানি না কেন এ ভাবে রাস্তায় নুড়ি পড়ে রয়েছে? কী করছে প্রশাসন! আরও বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।’’