গাড়ি করে এসে বিজেপি নেতাকে বেধড়ক মারধর করে পালিয়ে গেলেন একদল লোক। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকায় মার খেয়ে আশঙ্কাজনক অবস্থা বিজেপি নেতা পাপ্পু সানার। কলকাতার এসএসকেএমে ভর্তি করানো হয়েছে তাঁকে।
স্থানীয় সূত্রে খবর, ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার খেয়াদহ গ্রাম পঞ্চায়েত এলাকায় ৪৮ বছরের বিজেপি নেতাকে কয়েক জন মিলে মারধর করেন। পুলিশ সূত্রে খবর, রাত ২টো নাগাদ পূর্ব যাদবপুর থেকে কয়েক জন যুবক গাড়ি করে যান নরেন্দ্রপুরের সংস্কৃতি আর্ট গ্যালারির সামনে। গাড়ি থেকে নেমে বিজেপি নেতাকে ঘিরে ধরেন তাঁরা। লাঠি দিয়ে বেধড়ক মারধর করে রাস্তায় ফেলে চলে যান অভিযুক্তেরা। ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজ় পাওয়া গিয়েছে।
গুরুতর জখম অবস্থায় বিজেপি নেতাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাঁকে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি আইসিইউ-তে রয়েছেন তিনি।
আরও পড়ুন:
সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দেবাশিস ধরের বক্তব্য, তাঁরা এলাকা শান্ত রাখার সার্বিক প্রয়াস করছেন। কিন্তু তৃণমূল প্রতিনিয়ত উস্কানি দিচ্ছে। বিধায়করের কথায়, ‘‘আমরা নিজেদের অনেকটা শান্ত করে রেখেছি। তবে তৃণমূলের গুন্ডাবাহিনীরা কখনো শোধরাবে না। ইতিমধ্যে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। আমরা আইনত ব্যবস্থা নেবই। তবে ওঁরা যদি শুধরে না যায় তা হলে ভবিষ্যতে ওঁদের ভাবতে হবে।’’
হামলার কথা অস্বীকার করেছে তৃণমূল। তবে সরকারি ভাবে তাঁদের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।