সোমবার মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই বাসন্তীতে ঘটে গেল দুর্ঘটনা। বাসন্তী থানা থেকে পরীক্ষা কেন্দ্র চড়াবিদ্যা রামকৃষ্ণ বিদ্যামন্দিরে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে প্রশ্নপত্র বোঝাই একটি গাড়ি। ঘটনাটি ঘটে বাসন্তীর আমঝাড়া বাজার সংলগ্ন এলাকায়। দুর্ঘটনার জেরে গাড়িতে সওয়ার দুই পুলিশ কর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে এক জন মহিলা।
প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকাই গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মীদের দ্রুত ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। এখন তাঁদের চিকিৎসা চলছে এবং অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে সমস্ত প্রশ্নপত্র উদ্ধার করা হয়। এর পরে বিকল্প ব্যবস্থা করে কড়া নিরাপত্তার মধ্যে প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। প্রশাসনের তৎপরতায় প্রশ্নপত্র সুরক্ষিত থাকায় এবং সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর ফলে পরীক্ষার্থীদের কোনও অসুবিধার মুখে পড়তে হয়নি।