E-Paper

হাবড়াকে বঞ্চনার অভিযোগ, ক্ষোভ উগরে দিলেন বিজেপির প্রাক্তন প্রার্থী

তিনি জানান, ২০১৯ সালে প্রার্থী ঘোষণার পাঁচ দিন পরে এক কেন্দ্রীয় মন্ত্রী তাঁর কাছে টিকিট দেওয়ার জন্য ৫০ লক্ষ টাকা দাবি করেছিলেন।

সীমান্ত মৈত্র  

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ০৮:৫৬
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

হাবড়া ও বনগাঁর রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে বিতর্ক উস্কে দিলেন ২০১৯ সালের বারাসত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা হাবড়ার বাসিন্দা প্রবীণ চিকিৎসক মৃণালকান্তি দেবনাথ। সোশ্যাল মিডিয়ায় একাধিক অভিযোগ তুলে তিনি প্রশ্ন করছেন, বনগাঁয় আগের বার স্বপন মজুমদার, এ বার দেবদাস মণ্ডলেরা কেন বিজেপির ভোটের টিকিট পাচ্ছেন? হাবড়ার যোগ্য ভূমিপুত্রেরা কেন বার বার উপেক্ষিত হচ্ছেন?

মৃণালের দাবি, সাত বছর আগে তাঁর ইচ্ছার বিরুদ্ধে তাঁকে ভোটে দাঁড় করানো হয়েছিল। তাঁর অভিযোগ, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় এবং এক কেন্দ্রীয় মন্ত্রীর উদ্যোগে তাঁকে প্রার্থী করা হয়। পরে তিনি বুঝতে পারেন, তাঁকে রাজনীতিতে অনভিজ্ঞ অবস্থায় দাঁড় করিয়ে পিছন থেকে নিজেদের স্বার্থসিদ্ধিই ছিল কিছু নেতার উদ্দেশ্য।

তিনি জানান, ২০১৯ সালে প্রার্থী ঘোষণার পাঁচ দিন পরে এক কেন্দ্রীয় মন্ত্রী তাঁর কাছে টিকিট দেওয়ার জন্য ৫০ লক্ষ টাকা দাবি করেছিলেন। যদিও তাঁর দাবি, টিকিটের জন্য কোনও টাকা তিনি দেবেন না বলে জানিয়ে দেন। লোকসভা নির্বাচনের পরে ধীরে ধীরে দলীয় কার্যকলাপ থেকে নিজেকে গুটিয়ে নেন মৃণাল। জানালেন, দলের সঙ্গে নামমাত্র যুক্ত থাকলেও কোনও কর্মসূচিতে তিনি যোগ দেন না, ভবিষ্যতেও সে ইচ্ছা নেই।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘‘তখন আমাকে হাবড়া বিধানসভায় প্রার্থী করার আশ্বাস দেওয়া হয়েছিল। এমনকি, আমার নামে দেওয়াল লেখার প্রস্তুতিও শুরু হয়।’’ মৃণাল জানান, এ জন্য তিনি ২৬ বস্তা চুন কিনেছিলেন। কিন্তু পরে সেই চুন ব্যবহার করা হয় অন্য প্রার্থী রাহুল সিংহের প্রচারের কাজে। এই ঘটনার পর থেকে তিনি দলীয় কর্মকাণ্ড থেকে দূরে সরে যান বলে জানান।

এ দিকে, বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডল মৃণালকে দলের প্রবীণ নেতা হিসেবে উল্লেখ করে তাঁর সুস্থতা কামনা করেছেন। তিনি বলেন, “ওঁর বাড়িতে গিয়ে দেখা করে আশীর্বাদ নেব। আশা করি, উনি আমার সমর্থনে প্রচারে নামবেন।”প্রসঙ্গত, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বারাসত কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার। আর এবারের বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন বনগাঁ পুরসভার কাউন্সিলর দেবদাস মণ্ডল।

মৃণাল জানিয়েছেন, বিজেপির সঙ্গেই রয়েছেন, কিন্তু সক্রিয় রাজনীতিতে আর ফিরতে চান না। তাঁর কথায়, “বয়স হয়েছে। আমি ও আমার স্ত্রী এবারের ভোট বিজেপিকেই দেব।”

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

BJP Habra

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy