কলকাতা এবং শহরতলির আটটি স্টেশনে গিয়ে আর দূরপাল্লার ট্রেনের টিকিট কাটা যাবে না। আগামী ১ জুলাই থেকে সেই পরিষেবা বন্ধ হচ্ছে। পূর্ব রেলের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আগরপাড়া, টিটাগড়, জগদ্দল, বিরাটি, অশোকনগর রোড, মছলন্দপুর, ঢাকুরিয়া এবং নিউ আলিপুর স্টেশনের রিজার্ভেশন কাউন্টার (পিআরএস) বন্ধ হয়ে যাবে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, কাউন্টারগুলিতে মোতায়েন কর্মীদের কাজের চাপ বা ওয়ার্কলোড বিশ্লেষণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘোষণার পর থেকেই যাত্রীদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে প্রবীণ নাগরিক, গ্রামীণ এলাকার বাসিন্দা এবং যাঁরা অনলাইনে টিকিট কাটতে অভ্যস্ত নন, তাঁদের সমস্যায় পড়তে হবে বলে মনে করা হচ্ছে।
বিরাটি, অশোকনগরের স্থানীয় বাসিন্দারা জানান, দূরপাল্লার ট্রেনের টিকিট কাটার জন্য এত দিন স্থানীয় স্টেশনের রিজার্ভেশন কাউন্টারই ছিল ভরসা। কাউন্টার বন্ধ হয়ে গেলে দূরের বড় স্টেশনে গিয়ে টিকিট কাটতে হবে, ফলে বাড়বে ভোগান্তি। যাত্রীদের আরও অভিযোগ, অনলাইনে টিকিট বুকিং করতে গেলে সাইবার ক্যাফে বা বিভিন্ন এজেন্সি অতিরিক্ত পরিষেবা মূল্য আদায় করে। অন্য দিকে, বড় স্টেশনে গিয়ে টিকিট কাটতে হলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হয়। দালালচক্রের খপ্পরেও পড়তে হয় বলে অভিযোগ।
আরও পড়ুন:
রবিবার অশোকনগর স্টেশনে গিয়ে রিজার্ভেশন কাউন্টার বন্ধ দেখতে পান স্থানীয়েরা। ক্ষোভ প্রকাশ করে তাঁরা অবিলম্বে কাউন্টারগুলি পুনরায় চালু করার দাবি জানান। তাঁদের বক্তব্য, বিস্তীর্ণ এলাকার মানুষের সুবিধার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।
রেলযাত্রীদের একাংশের দাবি, ডিজিটাল পরিষেবা বাড়ানো অবশ্যই প্রয়োজন, তবে তার পাশাপাশি সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে রিজার্ভেশন কাউন্টারগুলিও চালু রাখা জরুরি।