Advertisement
E-Paper

মা এবং তিন মাসের কন্যার অর্ধদগ্ধ দেহ মিলল টিনের বাক্সে! অভিযোগ খুনের, সন্দেশখালিতে গ্রেফতার স্বামী

খবর পেয়ে ঘটনাস্থলে যায় সন্দেশখালি থানার পুলিশ। তদন্তের স্বার্থে বিভিন্ন নমুনা সংগ্রহ করে তারা। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে মৃতার স্বামী দাবি করেছেন, স্ত্রীর সঙ্গে পরিবারে কোনও অশান্তি ছিল না।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ১৬:৫৩
Sandeshkhali Deaths

৩৫ বছরের সুনীতা মাইতির অর্ধদগ্ধ দেহ উদ্ধার হয় ঘর থেকে। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। —নিজস্ব ছবি।

বাড়ির ভিতরে টিনের বাক্সে মা-মেয়ের অর্ধদগ্ধ দেহ উদ্ধার! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি থানা এলাকায়। খুনের অভিযোগে মৃতার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, মৃতদের নাম সুনীতা মাইতি এবং শুদ্ধি মাইতি। বয়স যথাক্রমে ৩৫ বছর এবং তিন মাস। মা-মেয়ের অর্ধদগ্ধ দেহ উদ্ধার হয় রবিবার ভোরে। প্রতিবেশীরা জানাচ্ছেন, ভোর সাড়ে ৫টা নাগাদ সুনীতার স্বামী বিপ্লব মাইতির চিৎকার-চেঁচামেচি শুনে সকলে ছুটে যান। অন্য ঘর থেকে বিপ্লবের দাদা-বৌদি বেরিয়ে দোতলার ঘরে গিয়ে দেখেন ধোঁয়া বার হচ্ছে। ঘরের ভিতরে একটি টিনের প্রকাণ্ড বাক্সের মধ্যে অর্ধদগ্ধ অবস্থায় পড়েছিল সুনীতা এবং কন্যার দেহ। প্রতিবেশীদের সাহায্যে দু’জনকে তড়িঘড়ি উদ্ধার করে সন্দেশখালির খুলনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় সন্দেশখালি থানার পুলিশ। তদন্তের স্বার্থে বিভিন্ন নমুনা সংগ্রহ করে তারা। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে মৃতার স্বামী দাবি করেছেন, স্ত্রীর সঙ্গে পরিবারে কোনও অশান্তি ছিল না। বাড়ির পাশে ক্লাবের টিভিতে আইপিএলের ম্যাচ দেখে রাতে বাড়ি ফিরেছিলেন। খাওয়া-দাওয়া সেরে তিন জনে ঘুমোতে যান বাড়ির দোতলায়। একতলার ঘরে দাদা-বৌদি থাকেন। বিপ্লবের দাবি, ভোরের দিকে পোড়া গন্ধে ঘুম ভেঙে যায় তাঁর। বিছানা থেকে উঠে দেখেন ঘরের কোণে রাখা টিনের বাক্সের ঢাকনা খোলা। সেখান থেকে ধোঁয়া বার হচ্ছে। স্ত্রী এবং কন্যা সেই বাক্সের মধ্যে। তখন তিনি চেঁচামেচি করে দাদা-বৌদিকে ডাকেন। বিপ্লবের বৌদি অনুপমা মাইতিও একই কথা বলেছেন। সুনীতার বাপের বাড়ির লোকজন জামাইয়ের বিরুদ্ধে সরাসরি খুনের অভিযোগ করেননি। তবে মেয়ের এবং নাতনির রহস্যমৃত্যুতে তাঁরা সন্দেহপ্রকাশ করেছেন।

Advertisement

অন্য দিকে, বিপ্লবকে থানায় ডেকে দীর্ঘ ক্ষণ জিজ্ঞাসাবাদ করার পরে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

Sandeshkhali Incident mystery death sandeshkhali
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy