শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্পে পটল দাস চুরির জন্য যে কোনও জায়গায় যে কোনও ভাবে পৌঁছে যেতে পারত। বাস্তবের জীবনে নুর নবী ভাঙ্গির সঙ্গে পটলের এখানেই মিল। চুরির জন্য যে কোনও জায়গায় সহজেই পৌঁছে যেতে পারে নুরও। আর সে ভাবেই, খানিকটা স্পাইডারম্যানের কায়দায় দেওয়াল বেয়ে একটি বহুতলের পাঁচ তলা পর্যন্ত পৌঁছে গিয়েছিল সে চুরি করতে! সেই চুরির অভিযোগেই মঙ্গলবার তাকে গ্রেফতার করেছেন লালবাজারের চুরিদমন শাখার তদন্তকারীরা।
পুলিশ জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটের বাসিন্দা নুরকে মঙ্গলবার বিকেলে গার্ডেনরিচের নেচার পার্কের সামনে থেকে গ্রেফতার করা হয়। ধৃতকে এর আগেও চুরির অভিযোগে ধরা হয়েছিল। মূলত যে কোনও বহুতলের দেওয়াল বেয়ে সে উপরে উঠে যেতে পারে অনায়াসে। আর দুষ্কর্ম করার পরে একই পথে নেমে পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, ১৭ ফেব্রুয়ারি ভোরে নিউ আলিপুরের ও ব্লকের একটি আবাসনের পাঁচ তলা থেকে চুরি যায় লক্ষাধিক নগদ টাকা ও সোনার গয়না-সহ বিভিন্ন নথি। তদন্তে নেমে পুলিশ প্রথমে কিছু বুঝতে না পারলেও পরে সিসি টিভি ফুটেজ দেখে বুঝতে পারে, অভিযুক্ত দেওয়াল বেয়ে হানা দিয়েছিল ওই ফ্ল্যাটে। আবার চুরির পরে সে একই পথে পালায়। এক তদন্তকারী জানান, প্রথমে সিসি ক্যামেরায় এক জনের দেওয়াল বেয়ে উপরে ওঠা-নামা বোঝা গেলেও তাকে চিহ্নিত করা যাচ্ছিল না।
পরে তার যাতায়াতের পথের প্রায় ডজনখানেক সিসি ক্যামেরার ফুটেজ দেখে নুরকে শনাক্ত করা হয়। পরে জানা যায়, অভিযুক্ত ঢোলাহাটের বাড়ির বদলে থাকছে মহেশতলায়। কিন্তু সেখানেও তল্লাশি চালিয়ে প্রথমে তার হদিস মেলেনি। পরে নেচার পার্কের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)