তৃণমূলে যোগ দেওয়ার ১৬ দিন পর প্রথম বার শাসকদলকে ভোট দিলেন প্রতীক-উর রহমান। মঙ্গলবার ডায়মন্ড হারবার আদালতে রাজ্য বার কাউন্সিল নির্বাচনে তৃণমূলের পক্ষে ভোটদান করেন সিপিএমের প্রাক্তন নেতা। বেরোনোর সময় বলেন, ‘‘রাজনৈতিক জীবনে নতুন অধ্যায় শুরু হল।’’
মাতৃভাষা দিবসে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি ছেড়ে মা-মাটি-মানুষের দলে যোগ দেন ‘বিদ্রোহী’ সিপিএম নেতা প্রতীক-উর। দক্ষিণ ২৪ পরগনার আমতলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ঘাসফুল আঁকা পতাকা তুলে নেন।
তার আগে সিপিএমের দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটি এবং পার্টির প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি নেওয়ার কথা জানিয়ে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে চিঠি দিয়েছিলেন। ২০২৪ সালের লোকসভা ভোটে ডায়মন্ড হারবার লোকসভায় তাঁর প্রতিদ্বন্দ্বীর হাতে তৃণমূলের পতাকা দিয়ে অভিষেক বলেছিলেন, ‘‘সিপিএমের মধ্যে এখনও যাঁরা রাস্তায় লড়াই করেন, তাঁদের মধ্যে প্রতীক-উর অন্যতম। উনি আমাদের দলে আসায় আমি খুশি।’’
আরও পড়ুন:
গত রবিবার এসআইআর ইস্যুতে ধর্মতলায় তৃণমূলের ধর্নামঞ্চে উপস্থিত ছিলেন প্রতীক-উর। তাঁর বক্তৃতার প্রশংসা করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইনের ডিগ্রিধারী সেই প্রতীক-উর মঙ্গলবার বলেন, ‘‘প্রথম বার তৃণমূলকে ভোট দিতে পেরে আমি অত্যন্ত খুশি।’’ তিনি আরও জানান, দীর্ঘ দিন ধরে আদালতের অ্যাডভোকেট প্যানেলে তাঁর নাম ছিল। তবে আগে কখনও ভোট দিতে আসা হয়নি। এ বার বার কাউন্সিলের উন্নয়নের স্বার্থে শাসকদলকে ভোট দিতে গিয়েছিলেন। এসআইআর প্রসঙ্গ তুলে মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমারের ভূমিকার সমালোচনা করেন তৃণমূলের প্রতীক-উর।