E-Paper
WBState_Assembly_Elections_Lead0_04-05-26

এসআইআর-এর ফর্ম পূরণে ভিড় সাইবার ক্যাফেতে

প্রতি ভোটারকে দু’টি করে এনুমারেশন ফর্ম দেওয়া হচ্ছে। এতে ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার তথ্য এবং দু’কপি পাসপোর্ট সাইজ ছবি লাগছে।

সামসুল হুদা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ০৭:৩২
ফর্ম পূরণ ও ছবি তোলার জন্য ভাঙড়ে অনলাইন সেন্টার, ফটোকপির দোকানে বেড়েছে ভিড়।

ফর্ম পূরণ ও ছবি তোলার জন্য ভাঙড়ে অনলাইন সেন্টার, ফটোকপির দোকানে বেড়েছে ভিড়। নিজস্ব চিত্র।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হওয়ায় এনুমারেশন ফর্ম বাড়ি বাড়ি বিলি করছেন বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। কিন্তু ফর্ম পূরণের ঝক্কিতে চাপে পড়েছেন সাধারণ ভোটারেরা। কী ভাবে ফর্ম পূরণ করবেন, তা বুঝতে না পেরে অনেকেই দ্বারস্থ হচ্ছেন বিভিন্ন সাইবার ক্যাফের। সেই সুযোগে রমরমা ব্যবসা চালাচ্ছে অনলাইন সেন্টার, সাইবার ক্যাফেগুলি।

প্রতি ভোটারকে দু’টি করে এনুমারেশন ফর্ম দেওয়া হচ্ছে। এতে ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার তথ্য এবং দু’কপি পাসপোর্ট সাইজ ছবি লাগছে। ফলে ভোটারদের অনেকে বাধ্য হচ্ছেন অনলাইন সেন্টারে গিয়ে পুরোনো ও নতুন ভোটার তালিকা ডাউনলোড ও প্রিন্ট করাতে। অভিযোগ, অনেক সেন্টার এই সুযোগে তালিকা প্রিন্ট করতে ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত নিচ্ছে। ছবি তুলতেও খরচ হচ্ছে ৩০-৫০ টাকা। এনুমারেশন ফর্ম পূরণের খরচ মেটাতে গিয়ে চাপে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

ভাঙড়ের এক গৃহবধূ সানুরা বিবি বলেন, “আমাদের বাড়িতে কেউ লেখাপড়া জানে না। ২০০ টাকা দিয়ে অনলাইন সেন্টার থেকে ভোটার তালিকা প্রিন্ট করিয়েছি। এখন কী ভাবে ফর্ম পূরণ করব বুঝতে পারছি না।” তাঁর মতো অসংখ্য মানুষ ফর্ম পূরণের জন্য দিনভর সাইবার ক্যাফে ও ফটোকপির দোকানে ভিড় জমাচ্ছেন।

ভাঙড়ের এক সাইবার ক্যাফের মালিক তাঞ্জুরা বিবি অবশ্য বলেন, “আমরা অতিরিক্ত টাকা নিচ্ছি না। সবাই ভোটার তালিকা প্রিন্ট করাতে আসছেন। ন্যায্য মূল্যেই করে দিচ্ছি।” অন্য দিকে, স্থানীয় এক ছাপাখানার মালিক রাজেশ মোল্লা বলেন, “এসআইআর-এর কারণে ফর্ম ছাপার কাজ পাওয়ায় ব্যবসায় কিছুটা জোয়ার এসেছে।”

ভাঙড়-২ বিডিও পার্থ বন্দ্যোপাধ্যায় বলেন, “ফর্ম পূরণের জন্য অনলাইন সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই। ব্লক অফিসে হেল্পডেস্ক চালু আছে, যেখানে ভোটারেরা বিনামূল্যে সহায়তা পাচ্ছেন। বিএলওদের কাছেও প্রয়োজনীয় ভোটার তালিকা রয়েছে। চাইলে তাঁদের কাছ থেকেই সহযোগিতা পাওয়া যেতে পারে।”

সংক্ষেপে
  • ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
  • শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
সর্বশেষ

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Bhangar West Bengal SIR

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy