পুরপ্রধানের কীর্তিকলাপ দেখে চমকে উঠছে বাদুড়িয়া। এ বার পুলিশ তাঁকে সঙ্গে নিয়ে পাটখেতের মাটি খুঁড়ে উদ্ধার করল বিপুল ধনসম্পত্তি। চারটি বস্তায় টাকা, একটি ট্রলি ব্যাগে সোনার গয়না আছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। টাকা-গয়নার পরিমাণ নিয়ে অবশ্য কিছু জানায়নি পুলিশ। সূত্রের খবর, টাকা গোনা মেশিন দিয়ে গণনা চলছে। এর আগে পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্যের ডেরা থেকে ৮০ লক্ষ টাকা উদ্ধার করেছিল পুলিশ। তারপরেই গ্রেফতার করা হয় তাঁকে। আদালত ছ’দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেয় দীপঙ্করকে। জমির মালিক শামিম মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে বাঁটুলডাঙা এলাকায় তল্লাশি চালানো হয়। তদন্তকারীরা দীপঙ্করকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। পরে শ্রমিক লাগিয়ে পাটখেতের মাটি খুঁড়তেই একের পর এক উদ্ধার হয় চারটি বস্তা ও একটি ট্রলি ব্যাগ। প্রত্যক্ষদর্শীদের দাবি, বস্তার ভিতরে ৫০০ টাকার বান্ডিল ঠাসা ছিল। ট্রলি ব্যাগ থেকেও মিলেছে নগদ টাকা ও কিছু সোনার গয়না। বাদুড়িয়ার নানা প্রান্তে পুরপ্রধানের ‘যক্ষের ধন’ নিয়েই আলোচনা। আবাস প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি তোলার অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। পুর পরিষেবার নানা বিষয়ে দুর্নীতির অভিযোগ উঠছে। পুরনো গাড়ি কিনে এক সময়ে চালাতেন দীপঙ্কর। সে ভাবেই চলত সংসার। তৃণমূলের সঙ্গে দহরম-মহরম শুরু হওয়ার পর থেকে তাঁর সম্পত্তি ও প্রতিপত্তি দুই-ই ফুলেফেঁপে ওঠে বলে শোনা যায় এলাকায়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)