Advertisement
E-Paper

বাদুড়িয়ার পুরপ্রধানের পাটখেত থেকে উদ্ধার হওয়া রাশি রাশি টাকা গোনা হল সারা রাত, মোট কত উদ্ধার? জানিয়ে দিল পুলিশ

বুধবার সন্ধ্যা থেকে টাকা গোনা শুরু হয়। রাতভর টাকা গোনার প্রক্রিয়া চলে। উপস্থিত ছিলেন ব্যাঙ্ক এবং বিভিন্ন দফতরের আধিকারিকেরা। চার বার গোনার পর টাকার পরিমাণ সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ০৮:৩৪
বাদুড়িয়ার পুরপ্রধানের পাটখেত থেকে বস্তাবন্দি টাকা উদ্ধার করে নিয়ে যাচ্ছে পুলিশ। বুধবার।

বাদুড়িয়ার পুরপ্রধানের পাটখেত থেকে বস্তাবন্দি টাকা উদ্ধার করে নিয়ে যাচ্ছে পুলিশ। বুধবার। —নিজস্ব চিত্র।

বাদুড়িয়ার পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্যের পাটের খেতে মাটি খুঁড়ে টাকা উদ্ধার করেছিল পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে টাকা গোনা শুরু হয়। রাতভর টাকা গোনার প্রক্রিয়া চলে। উপস্থিত ছিলেন ব্যাঙ্ক এবং বিভিন্ন দফতরের আধিকারিকেরা। চার বার গোনার পর টাকার পরিমাণ সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ। বৃহস্পতিবার ভোরে পুলিশের তরফে জানানো হয়েছে, উদ্ধার হওয়া টাকার পরিমাণ ২ কোটি ২৪ লক্ষ!

সোমবার বাদুড়িয়ার পুরপ্রধানকে একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়েছিল। তখনও তাঁর কাছ থেকে প্রায় ৮০ লক্ষ টাকা উদ্ধার করেছিল পুলিশ। মঙ্গলবার আদালত তাঁকে ছ’দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। বুধবার দীপঙ্করকে সঙ্গে নিয়েই তৃণমূল কার্যালয়ের পাশে একটি জমিতে যায় পুলিশ। খেতের একটি জায়গায় মাটি খুঁড়ে ব্যাগভর্তি টাকা উদ্ধার হয়েছে। টাকাভর্তি মোট চারটি ট্রলি এবং একটি বস্তা উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, সব ক’টি ব্যাগের ভিতরেই তাড়া তাড়া ৫০০ টাকার নোট ছিল। প্রাথমিক ভাবে পুলিশ সূত্রে জানা গিয়েছিল, মোট ৮০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। তবে তখনও সব টাকা গোনা শেষ হয়নি। বিপুল পরিমাণ টাকা গুনতে যন্ত্রের সাহায্য নিতে হয়। অবশেষে টাকার পরিমাণের কথা জানিয়ে দিল পুলিশ।

সোমবার পুরপ্রধানকে একটি হোটেল থেকে পাকড়াও করার পর সেই রাতেই বাদুড়িয়া পুরসভা পরিচালিত পরিত্যক্ত কম্পিউটার সেন্টার থেকে প্রায় চার হাজার সরকারি ত্রিপল এবং ৮০ লক্ষ টাকা উদ্ধার হয়। বুধবার উদ্ধার হওয়া টাকার পুরোটা গোনা শেষ করা যায়নি। ব্যাগ এবং বস্তবন্দি টাকা নিয়ে যাওয়া হয় থানায়। কী ভাবে এত টাকা পেয়েছিলেন দীপঙ্কর, তা নিয়েও প্রশ্ন উঠেছে। কেউ বলছেন, আবাসের টাকা সরিয়ে নিয়েছিলেন পুরপ্রধান। কারও অভিযোগ, সবই তোলাবাজির টাকা। পুলিশ তদন্ত করছে।

baduria Cash Money TMC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy