Advertisement
E-Paper

সাগরমেলার টুকরো খবর

যে গরু দুধ দেয় তার লাথিও সহ্য করা যায়। আর যে গরু স্বর্গে নিয়ে যাবে তার তো হাজার দাপাদাপিও মাফ। গঙ্গাসাগরে গো-দান করার রীতি নতুন নয়।

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৬ ০২:২৯
জলে নেমে হুটোপুটি। সাগরে ছবিটি তুলেছেন স্বাতী চক্রবর্তী।

জলে নেমে হুটোপুটি। সাগরে ছবিটি তুলেছেন স্বাতী চক্রবর্তী।

দানের গরু

যে গরু দুধ দেয় তার লাথিও সহ্য করা যায়। আর যে গরু স্বর্গে নিয়ে যাবে তার তো হাজার দাপাদাপিও মাফ। গঙ্গাসাগরে গো-দান করার রীতি নতুন নয়। গরুর লেজ ধরে মন্ত্র বললেই পুণ্য অর্জন নিশ্চিত। উপার্জনের আশায় সাগরতটে গরু ফুলমণিকে নিয়ে হাজির বেণুবনের বাসিন্দা অশোক সাঁপুই। সাগরে স্নান করে কাঁপতে কাঁপতে পুণ্য অর্জনের পথটাই প্রশস্ত করছিলেন মুর্শিদাবাদ থেকে আসা সুধন্য এবং মালতী মাইতি। কিন্তু মন্ত্র পড়ে লেজ ধরতে গিয়েই ফুলমণির মোক্ষম এক লাথি।

পুণ্যের বদলে লাথি? ফুলমণির মাথায় হাত বুলিয়ে অশোকবাবুর উত্তর, ‘‘ও নতুন তো, এখনও ঠিক শেখেনি।’’ মাইতি দম্পতি সন্তুষ্ট। লাথি বা গুঁতো— পুণ্য তো হল!

Advertisement

ডুব মারলেই পুণ্য

মকর সংক্রান্তির ভিড় এড়াতে দ্বিতীয় দিনেই স্নান সারছেন অনেকে। সুদূর কাশী থেকে সপরিবারে এসেছেন সুনীল মিশ্র। সাড়ে আট মাসের নাতনি সুহানিকে গঙ্গায় একবার, দু’বার নয়, তিন-তিন বার ডুবিয়ে পুণ্যস্নান সারলেন তিনি। এতো ছোট বাচ্চাকে স্নান করাচ্ছেন ঠান্ডা লাগবে না? সুনীলবাবুর পাল্টা প্রশ্ন, ‘‘ইতনি ছোটি উমর মে পুণ্য হো গয়া ইয়েহ কেয়া কম বাত হ্যায়?’’ পুণ্যস্নানে নেমে ভোগান্তিই হল রাজস্থান থেকে আসা ফাগুনিদেবীর। সমুদ্রের পাড়েই জামাকাপড় খুলে ডুব দিয়েছিলেন। ফিরে এসে দেখেন ঢেউয়ে ভেসে গেছে সবই। ব্যাপারটাকে ভোগান্তি বলতে নারাজ তিনি। ‘‘গঙ্গা মাইয়া কী জয়’’ বলে ফের ডুব সাগরে।

মমতাকে কটাক্ষ

‘‘বিকাশের নামে কোনও তীর্থকে দিশাহীন করে তোলা ঠিক নয়’’—গঙ্গাসাগরের উন্নয়ন প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিলেন পুরীর শঙ্করাচার্য। বুধবার সাংবাদিক সম্মেলনে শঙ্করাচার্য জানান, সাগরের উন্নয়ন হচ্ছে ঠিকই, তবে তীর্থস্থানকে পর্যটনকেন্দ্র করে তুললে তার মাহাত্ম্য নষ্ট হয়। কী ভাবে মাহাত্ম্য বজায় রেখে উন্নয়ন সম্ভব সে প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার দাবি তুলেছেন শঙ্করাচার্য।

সাগরস্নানে সেলফি

ক্যামেরা আছে সেলফি নেই তাও হয় নাকি! সাগরে ডুব দিয়েই কাঁপতে কাঁপতে সেলফি তুলতে দেখা গেল উত্তরপ্রদেশের কিউল থেকে আসা এক দল যুবককে। এ মুহূর্ত আর ফিরে পাওয়া যাবে কিনা সে সব প্রশ্ন সরিয়েই সাগরস্নানের অ্যালবাম তৈরিতে মত্ত নতুন প্রজন্ম। শুধু তাই নয়। সাগরস্নানের মুহূর্ত ক্যামেরায় তুলতে ব্যস্ত হৃষিকেশ থেকে আসা কেশরিয়াবাবার মতো কিছু সাধুও।

সাগরে মৃত্যু

সাগরে পুণ্যস্নানে এসে অসুস্থ হয়ে মারা গেলেন এক বৃদ্ধ। অজ্ঞাতপরিচয় ওই বৃদ্ধের পরনে ছিল ধুতি-পাঞ্জাবি। পুলিশ জানায়, বুধবার দুপুরে সমুদ্র সৈকতে পড়ে থাকতে দেখে তাঁকে হাসপাতালে নিয়ে যায় কিছু স্বেচ্ছাসেবী সংস্থা ও পুলিশ। সেখানেই মৃত ঘোষণা করা হয়।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy