Advertisement
E-Paper

চাকরির নামে ‘প্রতারণা’, ধৃত ৩

ভুয়ো ভিজিটিং কার্ড, প্যাড ছাপিয়ে স্বাস্থ্য দফতরে চাকরি দেওয়ার রমরমা ব্যবসা ফেঁদে বসেছিল তিন জন। পোশাক, কথাবার্তা শুনে বোঝার উপায় নেই যে তারা আসলে জড়িত প্রতারণা চক্রের সঙ্গে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৬ ০০:৫৮

ভুয়ো ভিজিটিং কার্ড, প্যাড ছাপিয়ে স্বাস্থ্য দফতরে চাকরি দেওয়ার রমরমা ব্যবসা ফেঁদে বসেছিল তিন জন। পোশাক, কথাবার্তা শুনে বোঝার উপায় নেই যে তারা আসলে জড়িত প্রতারণা চক্রের সঙ্গে। ছিল ভুয়ো ওয়েবসাইটও। স্বাস্থ্য দফতরে চাকরি পেতে বিভিন্ন জেলা থেকে লোকজন এসেছিলেন তাদের কাছে। কয়েক মাসের মধ্যেই তহবিলে জমা হয়েছিল দশ লক্ষ টাকা। কিন্তু শেষ রক্ষা হল না। বৃহস্পতিবার এক ব্যক্তির থেকে টাকা নিতে গিয়ে বিমানবন্দর থানার পুলিশের হাতে ধরা পড়ে গেল জালিয়াতি চক্রের তিন পাণ্ডাই।

ধৃতদের নাম অমিত বিশ্বাস, রাজীব সিংহ ও মলয় বিশ্বাস। বাড়ি উত্তর ২৪ পরগনায়। বর্ধমানের বাসিন্দা পাপন দাসের অভিযোগের ভিত্তিতে ওই তিন জনকে এয়ারপোর্ট ১ নম্বর গেটের কাছ থেকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, ভুয়ো ওয়েবসাইটে কেউ যোগাযোগ করলে তাঁকে ডাকা হত হোটেল বা রেস্তোরাঁয়। পাপন জানান, অভিযুক্তেরা নিজেদের স্বাস্থ্য দফতরের উচ্চ পদস্থ আধিকারিক বলেই দাবি করেছিল। তাঁর থেকে দু’লক্ষ টাকা চাওয়া হয়েছিল। দেড় লক্ষ টাকা দেওয়ার পরে ভুয়ো প্রাথমিক নিয়োগপত্রও দেওয়া হয়। বলা হয়, আরও ৫০ হাজার টাকা দিলে মিলবে চাকরির নিয়োগপত্র। তাতেই সন্দেহ হয় পাপনের।

পুলিশ পাপনকেই টোপ হিসেবে ব্যবহার করে। বৃহস্পতিবার পুলিশ পাপনকে এয়ারপোর্টের কাছে পাঠিয়ে সাদা পোশাকে ঘোরাঘুরি করতে থাকে। সন্ধ্যায় স্বাস্থ্য দফতরের স্টিকার লাগানো গাড়িতে চেপে অভিযুক্তেরা এসে পাপনের থেকে টাকা নিতে গেলে হাতনাতে ধরা পড়ে যায়। গাড়িটি আটক করেছে পুলিশ। গ্রেফতার হয়েছে গাড়ির চালকও। পুলিশ আরও দশ জনের খোঁজ পেয়েছে যাঁরা একই ভাবে ধৃতদের কাছে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ।

Fake job offer Arrest
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy