Advertisement
E-Paper

ইসকনের অনুষ্ঠানে যোগ দিতে বুধবার মায়াপুর সফরে অমিত শাহ, দেড় ঘণ্টার কর্মসূচিতে সঙ্গী হচ্ছেন রাজ্য বিজেপি নেতৃত্বও

মায়াপুরের ইসকনে আগামী বুধবার দেড়় ঘণ্টার কর্মসূচিতে উপস্থিত থাকবেন শাহ। ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজের ১৫২তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে তিনি মায়াপুরে আসছেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৯

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

রাজনৈতিক নয়, এ বার ধর্মীয় কর্মসূচিতে পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১৮ ফেব্রুয়ারি নদিয়ার মায়াপুরে ইসকনের অনুষ্ঠানে যোগ দিতে আসছেন তিনি। এ দফার পশ্চিমবঙ্গ সফরে শাহ ধর্মীয় কর্মসূচির আগে বা পরে কোনও রাজনৈতিক কর্মসূচি রাখবেন কি না, তা নিয়ে জল্পনা ছিল। তবে সোমবার শাহের চূড়ান্ত সফরসূচি প্রকাশিত হওয়ার পরে সে জল্পনায় ইতি পড়েছে।

মায়াপুরের ইসকনে আগামী বুধবার দেড়় ঘণ্টার কর্মসূচিতে উপস্থিত থাকবেন শাহ। ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজের ১৫২তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে তিনি মায়াপুরে আসছেন। কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে শাহ রওনা দেবেন মায়াপুরের উদ্দেশে। দুপুর ২টো ২৫ মিনিট নাগাদ মায়াপুরে তাঁর নামার কথা। হেলিপ্যাড থেকে মন্দির চত্বরে তিনি যাবেন গল্ফ কার্টে। সে পথের দু’পাশে নাম সংকীর্তন হবে। মন্দির চত্বরে শাহকে স্বাগত জানাতে মিনিট পাঁচেকের অনুষ্ঠান থাকছে। বৈদিক গুরুকুলের ছাত্রেরা মন্ত্রোচ্চারণের মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাবে। মন্দিরের ভিতরে শাহকে স্বাগত জানাবেন ইসকনের জয়পতাকা স্বামী।

স্বাগত জানানোর অনুষ্ঠান শেষ হওয়ার পরে ১৫ মিনিট সময় বরাদ্দ থাকছে শ্রদ্ধাজ্ঞাপন ও দর্শনের জন্য। প্রথমেই ইসকনের প্রতিষ্ঠাতা ভক্তিবেদান্ত প্রভুপাদের মূর্তিতে শাহ ফুল দেবেন। তার পরে একে একে নরসিংহ পূজন, চৈতন্য মহাপ্রভু ও পঞ্চতন্ত্র পূজন এবং রাধামাধব ও অষ্টসখী পূজনে অংশ নেবেন শাহ।

বেলা ৩টে নাগাদ মূল অনুষ্ঠান মঞ্চে পৌঁছোবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ৩টে ২০ নাগাদ শাহের ভাষণ শুরু হওয়ার কথা। আধ ঘণ্টার ভাষণে ইসকন চত্বর থেকে শাহ কী বলেন, বুধবার সে দিকেই সকলের নজর থাকবে। ৩টে ৫৫ মিনিট নাগাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হেলিকপ্টার মায়াপুর থেকে কলকাতা বিমানবন্দরের দিকে রওনা দেবে।

গত কয়েক মাসে শাহ যত বার পশ্চিমবঙ্গ সফরে এসেছেন, দেড় দিন, দু’দিন বা আড়াই দিন করে কাটিয়েছেন। তার নিরিখে এটিই হতে চলেছে তাঁর সংক্ষিপ্ততম পশ্চিমবঙ্গ সফর। রাজনৈতিক কর্মসূচি থাকছে না বলেই এত সংক্ষেপে সব মিটে যাবে বলে বিজেপি সূত্রের ব্যাখ্যা। তবে রাজনৈতিক কর্মসূচি না-থাকলেও বুধবার রাজ্য বিজেপির প্রথম সারির নেতারা এবং দলের নদিয়া উত্তর সাংগঠনিক জেলার নেতৃত্ব মায়াপুরের ইসকন মন্দিরে শাহের সঙ্গে উপস্থিত থাকবেন।

Amit Shah ISKCON Mayapur West Bengal Politics BJP ISKCON Mayapur
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy