খেলতে খেলতে গলায় চাদরের ফাঁস লেগে প্রাণ গেল ৯ বছরের এক বালিকার। বুধবার পূর্ব বর্ধমানের কাটোয়া থানার শ্রীখণ্ড গ্রামের পশ্চিমপাড়ায় ঘটনাটি ঘটেছে। মৃত বালিকার নাম ঝিলিক বিশ্বাস। সে তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
পরিবার সূত্রে খবর, বিছানায় চাদর নিয়ে ভাইবোনেদের সঙ্গে খেলা করছিল ঝিলিক। সেই সময় গলায় চাদর জড়ানো অবস্থায় বিছানা থেকে মেঝেতে পড়ে যায় সে। অনেক ক্ষণ ধরে ডাকাডাকির পরেও সাড়াশব্দ না মেলায় চিৎকার জুড়ে দেয় বাকি ভাইবোনেরা। তাতেই পরিবারের লোকেরা ছুটে এসেছে দেখেন, ঝিলিক জ্ঞান হারিয়েছে। মুখ দিয়ে গ্যাঁজলা উঠে এসেছে। তড়িঘড়ি তাকে শ্রীখণ্ড প্রাথমিক ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ঝিলিককে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
বাবা পূর্ণচন্দ্র বিশ্বাস বলেন, ‘‘ঝিলিকের গলায় চাদর জড়ানো ছিল। মুখ গিয়ে গ্যাঁজলা বের হচ্ছিল। সঙ্গে সঙ্গে মেয়েকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু বাঁচাতে পারলাম না ওঁকে!’’
পুলিশ সূত্রে খবর, ঝিলিকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এক পুলিশ আধিকারিক বলেন, ‘‘পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে ঘটনাটা পরিষ্কার হবে।’’