প্রকৃতি আমাদের মা, আর এই মাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের— এমন বার্তা সামনে রেখে প্রাথমিক স্কুলের পড়ুয়াদের নিয়ে পরিবেশ বিষয়ক নাট্য প্রতিযোগিতা আয়োজন করল বর্ধমানের এক সাংস্কৃতিক সংগঠন। রবীন্দ্রভবনে অনুষ্ঠানটি হয়। উদ্বোধন করেন বর্ধমানের তথ্য ও সংস্কৃতিক আধিকারিক রামশঙ্কর মণ্ডল। ছিলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ললিত কোণার, দীপেন্দ্রনাথ শীল প্রমুখ। পাঁচ প্রবীণ নাট্য ব্যক্তিত্বকে সংবর্ধনাও জানানো হয়। এই আন্তঃপ্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান নাট্য প্রতিযোগিতায় ছোট ছোট শিশুদের শিল্পসত্তা, অভিনয় প্রতিভা এবং পরিবেশ রক্ষার দায়বদ্ধতা সম্পর্কে তাদের সচেতনতা বোধ ছিল অনুষ্ঠানের মূল উপভোগ্য বিষয়। আয়োজক সংস্থার তরফে জানানো হয়, মানুষের অসংযত কার্যকলাপে পরিবেশ দূষণের মাত্রা ক্রমশ বেড়ে চলেছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামী পাঁচ বছরের মধ্যে পৃথিবীর গড় উষ্ণতা প্রায় দেড় ডিগ্রি সেন্টিগ্রেড বাড়তে পারে। এখনই সচেতন না হলে ভবিষ্যৎ বিপদের মুখে পড়বে— এই ভাবনা থেকেই আয়োজন। সংস্থার প্রতিনিধি প্রতনু রক্ষিত জানান, মোট আটটি বিদ্যালয় প্রতিযোগিতায় যোগ দেয়। জলদূষণ, বায়ুদূষণ, মাটিদূষণ, জলসংকট, প্লাস্টিকের ব্যবহার, বৃক্ষচ্ছেদন, বর্জ্য ব্যবস্থাপনা ইত্যাদি নানা বিষয়ের মধ্যে দিয়ে পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তা ফুটিয়ে তোলে ছাত্রছাত্রীরা। প্রতিযোগিতার বিচারক ছিলেন নীলেন্দু সেনগুপ্ত এবং শর্মিষ্ঠা চক্রবর্তী। তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম স্থান অধিকার করে পহলানপুর প্রাথমিক বিদ্যালয়, দ্বিতীয় নারী ফ্রি প্রাইমারি এবং তৃতীয় হয় রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়। বিশেষ পুরস্কার পায় কিশলয় পথশিশু পাঠশালা এবং হেমচন্দ্র জুনিয়র বেসিক স্কুল। কিশলয় পথশিশু পাঠশালার কর্ণধার গোপাল ঘোষাল বলেন, “এই অভিনব উদ্যোগে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকেরা সমান ভাবে আনন্দিত ও উৎসাহিত হয়েছেন।” রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ চৌধুরীর কথায়, “ছোটদের বড় মঞ্চে অভিনয়ের সুযোগ করে দেওয়া এবং তাদের মনে পরিবেশ সচেতনতার বীজ বপনের এই প্রয়াস সত্যিই প্রশংসনীয়।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)