বাড়ি থেকে ফুঁসলিয়ে নিয়ে যাওয়া, ওষুধ মিশিয়ে মদ্যপান করানো, তারপর হোটেলের ঘরে নিয়ে গিয়ে গণধর্ষণ! এমনই অভিযোগকে কেন্দ্র করে শোরগোল দুর্গাপুর শিল্পাঞ্চলে। ইতিমধ্যে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
‘নির্যাতিতা’র বয়স বছর চোদ্দো। অষ্টম শ্রেণির ছাত্রী সে। পশ্চিম বর্ধমানের বুদবুদ থানা এলাকায় বাড়ি। পরিবারের অভিযোগ, এক পরিচিত মহিলা ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন তাদের মেয়েকে। তার পর মদ্যপান করিয়ে তিন যুবকের সঙ্গে একটি গাড়িতে নিয়ে যান নাবালিকাকে। হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করে মেয়েটিকে রাস্তায় ফেলে যান অভিযুক্তেরা। ছাত্রীর বাবার দাবি অনুযায়ী, প্রথমে দুর্গাপুর সিটি সেন্টার এলাকায় একটি হোটেলে নিয়ে যাওয়া হয় তাঁর মেয়েকে। সেখানে তিন যুবক মেয়েকে শারীরিক নির্যাতন করে। পরিচিত এক মহিলাকে মেয়ের অবস্থার জন্য দোষী করেছেন তিনি। ‘নির্যাতিতা’র বাবার অভিযোগ, ‘‘বুদবুদ এলাকার এক তরুণী আমার মেয়েকে বাড়ি থেকে ফুঁসলিয়ে নিয়ে যায়। মেয়েকে মদ খাইয়েছে। মদের সঙ্গে কোনও ওষুধ মেশানো হয়েছিল। মেয়ে বেহুঁশ হয়ে যায়। তখন তিন যুবকের সঙ্গে তাকে হোটেলের ঘরে ঢুকিয়ে দেয়। সেখানে মেয়েকে গণধর্ষণ করা হয়। পরে বুদবুদ বাইপাসে মেয়েকে একা ছেড়ে পালিয়ে গিয়েছিল অভিযুক্তেরা।’’
নাবালিকার বাবা আরও জানান, এক টোটোচালক অসহায় অবস্থায় তাঁর মেয়েকে পড়ে থাকতে দেখেন। তিনি খোঁজখবর করে বাড়িতে খবর দিয়েছিলেন। তার পর মেয়ের কাছ থেকে ঘটনার বিবরণ শুনে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। তিনি বলেন, ‘‘পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করুক, এটাই চাইছি।’’
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে শনিবার। এক নাবালিকাকে বুদবুদ বাইপাসের ধারে ফেলে গাড়ি নিয়ে পালান কেউ বা কারা। রাত সাড়ে দশটা নাগাদ মেয়েটির পরিবারের কাছে খবর যায়। ঘটনাক্রমে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে এক মহিলা-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। হোটেলের ম্যানেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। রবিবার সকাল থেকেও নানা জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ। ইতিমধ্যে ফরেনসিক দল ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছে।
এখন ‘নির্যাতিতা’র চিকিৎসা চলছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার প্রণব কুমার বলেন, ‘‘ইতিমধ্যে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এঁদের মধ্যে মূল অভিযুক্ত এক মহিলা। হোটেলের ম্যানেজারকেও আটক করা হয়েছে। তদন্ত চলছে। ধৃতদের পুলিশি হেফাজতে চেয়ে সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করানো হবে।’’
নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। সেখানকার বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, তাঁরা ‘নির্যাতিতা’র পরিবারের পাশে রয়েছেন। বিজেপির যুব নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘যারা এই রকমের ঘটনা ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হোক। বর্তমান সরকার এমন ঘটনায় কড়া পদক্ষেপ করবে। আপস করবে না।’’ একই কথা বলেন বিজেপির মহিলা মোর্চার নেত্রী শুভ্রা রজকও।