Advertisement
E-Paper

চোর সন্দেহে ৭ বছরের নাবালককে দড়ি দিয়ে বেঁধে মার! বর্ধমানে গ্রেফতার এক তরুণী

শুক্রবার ভোরে বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ। ধৃতকে শুক্রবারই বর্ধমান সিজেএম আদালতে হাজির করানো হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৩ ২৩:১৬

প্রতীকী ছবি।

চোর সন্দেহে ৭ বছরের নাবালককে পিলারে নারকেল দড়ি দিয়ে বেঁধে রেখে মারধরের ঘটনায় গ্রেফতার এক তরুণী। ধৃত মহিলার নাম মধুমিতা মল্লিক। বর্ধমান শহরের বিসি রোডের খাঁপাড়ায় তাঁর বাড়ি। শুক্রবার ভোরে বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ। ধৃতকে শুক্রবারই বর্ধমান সিজেএম আদালতে হাজির করানো হয়। মারধরে বাকি যাঁরা জড়িত, তাঁদের হদিস পেতে ধৃতকে ৭ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। ধৃতের ১ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন সিজেএম চন্দা হাসমত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে কয়েকটি বাচ্চা ছেলে মধুমিতার বাড়িতে ঢোকে। সন্দেহ হওয়ায় তিনি ও আশপাশের লোকজন তাদের তাড়া করে। বাকিরা পালিয়ে গেলেও গলসির ৭ বছরের এক নাবালক ধরা পড়ে যায়। অভিযোগ, এর পর তাকে নারকেল দড়ি দিয়ে পিলারের সঙ্গে বেঁধে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। যাঁরা মারধর করছিলেন, পুলিশকে দেখে তাঁরা পালিয়ে যান। পুলিশ নাবালককে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পুলিশের তরফে বিষয়টি চাইল্ড লাইনেও জানানো হয়। পরে চাইল্ড লাইন নাবালককে নিয়ে যায়।

এই ঘটনায় বিষয়ে বর্ধমান থানার সাব-ইন্সপেক্টর রাজিবুল মণ্ডল থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে বেআইনিভাবে আটকে রেখে মারধর করা, খুনের চেষ্টা ও জুভেনাইল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশন অব চিলড্রেন অ্যাক্টের ৭৫ ধারায় মামলা রুজু করেছে থানা। ধৃতের বাড়ি থেকে ৫ ফুটের একটি নারকেল দড়ি ও ১ ফুটের একটি লাঠি বাজেয়াপ্ত করা হয়েছে।

Bardhaman
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy