Advertisement
E-Paper

টুকরো খবর

কোলিয়ারির সম্প্রসারণ প্রকল্প নিয়ে তৈরি হওয়া জটিলতা কাটল পাণ্ডবেশ্বরের খোট্টাডিহিতে। ইসিএল সূত্রে জানা গিয়েছে, বাসিন্দাদের সঙ্গে আলোচনার পরে ২ এপ্রিল থেকে কাজ শুরু করার সিদ্ধান্ত হয়েছে। পাণ্ডবেশ্বর এরিয়ার খোট্টাডিহি খনির সম্প্রসারণের জন্য খনি লাগোয়া বিলপাহাড়ি গ্রামের আশপাশে প্রায় ২৯ হেক্টর জমি অধিগ্রহণ করেছেন ইসিএল কর্তৃপক্ষ। জমির দাম বাবদ প্রায় ৩৬ কোটি টাকা মাসখানেক আগেই মিটিয়ে দিয়েছেন ইসিএল কর্তৃপক্ষ।

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৫ ০২:০১

জট কাটল, কাজ শুরু হবে খোট্টাডিহিতে

নিজস্ব সংবাদদাতা • আসানসোল

কোলিয়ারির সম্প্রসারণ প্রকল্প নিয়ে তৈরি হওয়া জটিলতা কাটল পাণ্ডবেশ্বরের খোট্টাডিহিতে। ইসিএল সূত্রে জানা গিয়েছে, বাসিন্দাদের সঙ্গে আলোচনার পরে ২ এপ্রিল থেকে কাজ শুরু করার সিদ্ধান্ত হয়েছে। পাণ্ডবেশ্বর এরিয়ার খোট্টাডিহি খনির সম্প্রসারণের জন্য খনি লাগোয়া বিলপাহাড়ি গ্রামের আশপাশে প্রায় ২৯ হেক্টর জমি অধিগ্রহণ করেছেন ইসিএল কর্তৃপক্ষ। জমির দাম বাবদ প্রায় ৩৬ কোটি টাকা মাসখানেক আগেই মিটিয়ে দিয়েছেন ইসিএল কর্তৃপক্ষ। নিয়ম অনুযায়ী দু’একর পিছু এক জন করে জমিদাতাকে চাকরিও দেওয়া হয়েছে। নিয়োগপত্র পেয়েছেন ১৫৪ জন। কিন্তু হঠাৎই গ্রামবাসীরা নানা দাবি তুলে বিক্ষোভ শুরু করেন। তাতে খনির উৎপাদন ব্যাহত হয়। ইসিএলের দাবি, নিয়ম অনুযায়ী সমস্ত সুবিধা দেওয়ার পরেও গ্রামবাসীরা বাড়তি সুযোগ-সুবিধা আদায়ের জন্য বিক্ষোভ করেছেন। খনি কর্তৃপক্ষ বিক্ষোভ তোলার আর্জি জানালেও তা তাঁরা মানেননি। এমন পরিস্থিতি চলতে থাকলে খনি বন্ধ করে দেওয়া হতে পারে বলে জানান ইসিএল কর্তৃপক্ষ। সম্প্রতি অবশ্য গ্রামবাসীরা জানান, তাঁরা বিক্ষোভ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। ইসিএলের সিএমডি-র কারিগরি সচিব নীলাদ্রি রায় বলেন, ‘‘গ্রামবাসীরা বিক্ষোভ তুলেছেন। আমরা ২ এপ্রিল থেকে সেখানে খনি সম্প্রসারণে হাত দেব।’’ তাঁর আশা, উৎপাদন শুরু হলে স্থানীয় বাসিন্দারাও উপকৃত হবেন। খনি ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছু দাবি মেটার ব্যাপারে আশ্বাস পেয়েই বিক্ষোভ তুলতে রাজি হয়েছেন গ্রামবাসীরা।

Advertisement

প্রার্থীর ছেলেকে মার, নালিশ

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

ভোটের প্রচার চলাকালীন এক বিজেপি প্রার্থীর ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে মেমারি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কালীতলা পাড়ায় ঘটনাটি ঘটে। বিজেপির তরফে থানায় অভিযোগও করা হয়েছে। যদিও অভিযোগ মানতে চায়নি তৃণমূল। বিজেপির অভিযোগ, এ দিন দুপুরে ওই ওয়ার্ডে প্রচার করার সময়ে তৃণমূলের কিছু লোক বাধা দেয়। তারপরে প্রার্থী রবিলাল সাহার ছেলে বাপ্পা সাহাকে বেধড়ক মারধর করে তারা। ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুপ্রিয় সামন্তের লোকেরাই এ কাজ করেছে বলে বলে তাঁদের দাবি। বিজেপির মেমারি পুরসভার পর্যবেক্ষক ভীষ্মদেব ভট্টাচার্য বলেন, ‘‘সুপ্রিয়বাবু ওই ওয়ার্ড থেকে গত বার জিতেছিলেন। তিনি তো শুনতে পাই এলাকায় প্রচুর উন্নয়নের কাজ করেছেন। তাহলে আমাদের মিছিল বের হলেই তাঁর লোকেরা বাধা দিচ্ছে কেন? তিনি কি আমাদের ভয় পাচ্ছেন?” সুপ্রিয়বাবু অবশ্য ওই মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, “বিজেপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ওদের মিছিলের লোকজন আমাদের আগে থেকে লাগানো পতাকা খুলে নিয়ে ওদের পতাকা লাগিয়ে দিয়েছিল। এই নিয়ে উত্তেজনা ছড়ায়। সে সময় বিজেপি প্রার্থীর ছেলে বাপ্পা প্রচণ্ড গালিগালাজ করতে থাকে। আমি গিয়ে দু’পক্ষকে শান্ত করেছি। কোনও মারধরের ঘটনা ঘটেনি।’’ তাঁর আরও দাবি, ‘‘এ বারের ভোটে আমিই এই ওয়ার্ড থেকে জিতব। কাউকে ভয় পাওয়ার কারণ নেই।” পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

ছাত্রনেতাকে মারে স্থগিত নবীনবরণ

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাংস্কৃতিক সম্পাদক রিন্টু লায়েকের ওপর হামলায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে উপাচার্যের কাছে বিক্ষোভ দেখাল পড়ুয়াদের একাংশ। মঙ্গলবার ছাত্র সংসদের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ও সভাপতি প্রদীপ বাজপেয়ীর নেতৃত্বে এক দল পড়ুয়া অভিযুক্ত শেখ সুখচাঁদ, শেখ বাপন-সহ ১০ জনকে গ্রেফতারের দাবি জানান। অন্যথায় বৃহস্পতিবার সকাল থেকে জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাও করারও কথা বলেন তাঁরা। উপাচার্য স্মৃতিকুমার সরকার অবশ্য জানান, পুলিশকে তিনি এ ব্যাপারে যা বলার বলেছেন। এই ঘটনার জেরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ উত্‌সবও স্থগিত করে দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য। শনিবার রাতে নবীনবরণ নিয়েই একটি বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন রিন্টু। পথে শেখ সুখচাঁদদের ভর্তির আন্দোলনে যোগ না দিতে চাওয়ায় তাঁকে লাঠি, রড দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আহত রিন্টু এত দিন বর্ধমানেই ভর্তি ছিলেন। তবে বুধবার তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে বর্ধমান মেডিক্যাল সূত্রে জানানো হয়েছে।

ঝড়ে ক্ষতি চার বাড়ির

নিজস্ব সংবাদদাতা • কাঁকসা

ঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়ি। নিজস্ব চিত্র।

কালবৈশখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেন কাঁকসা ব্লক দফতরের একটি প্রতিনিধি দল। সোমবার সন্ধ্যায় ঝড়ের জেরে কাঁকসার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বজ্রাঘাতে মারা যান অযোধ্যা গ্রামের পারুলা বাউড়ি (৪০) ও তেলীপাড়ার বীরু বাগদী (৪৫)। মঙ্গলবার তেলীপাড়া ও অযোধ্য গ্রামে গিয়ে প্রতিনিধি দলটির তরফে মৃতের পরিবারগুলিকে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়। এ দিন মৃত বীরুবাবুর স্ত্রী-র সঙ্গে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা। বাজ পড়ে বীরুবাবুর মাটির বাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ত্রিপল, কম্বল, পোশাক, খাবার-সহ বিভিন্ন ত্রাণসামগ্রীও দেওয়া হয়। সোমবারের ঝড়ে কাঁকসার চুয়া গ্রামে ৪টি মাটির বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। এলাকায় গিয়ে দেখা গেল বাড়িগুলির খড়ের চাল, বিভিন্ন আসবাব বাজ পড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। নগদ টাকা, গয়না, জামাকাপড়ও নষ্ট হয়ে গিয়েছে বলে পরিবারের সদস্যরা জানান। ওই পরিবারগুলিকেও ত্রাণ সামগ্রী দিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা।

ক্ষতিপূরণ চেয়ে আর্জি কংগ্রেসের

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

আত্মঘাতী আলুচাষিদের পরিবারগুলিকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে জেলার অতিরিক্ত জেলাশাসকের (সাধারণ) কাছে স্মারকলিপি দিল জেলা গ্রামীণ কংগ্রেস। সহায়ক মূল্য আলু কেনা, হিমঘরের জায়গার ব্যবস্থা করা, ঋণ মকুব ও ক্ষতিগ্রস্থ আলুচাষিদের সরকারি সাহায্য দেওয়ারও দাবি জানানো হয় ওই স্মারকলিপিতে। জেলা গ্রামীণ কংগ্রেসের সাধারণ সম্পাদক কাশীনাথ গঙ্গোপাধ্যায় বলেন, “প্রচুর ফলন হওয়ায় চাষিরা সঠিক দাম পাচ্ছেন না। কালবৈশাখির মরশুমে মাঠের আলু নষ্ট হওয়ারও সম্ভবনা দেখা দিয়েছে। প্রশাসনের উচিত আলুচাষিদের পাশে দাঁড়ানো।” সোমবার ওই স্মারকলিপি দিয়ে যুব কংগ্রেস নেতা অভিজিত্‌ ভট্টাচার্য বলেন, “লোকসান এড়াতে আলু রফতানির ব্যবস্থা করার দরকার ছিল সরকারের।”

মানকরের হার

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রিকেটে হুগলির চাঁপাডাঙা রবীন্দ্র মহাবিদ্যালয় ৭ উইকেটে হারিয়েছে বর্ধমানের মানকর কলেজকে। প্রথমে ব্যাট করে মানকর ২৪ ওভারে ৮০ রান করে সকলে আউট হয়ে যায়। মানকরের তন্ময় ঘোষ ২৭ রান করেন। জবাবে রবীন্দ্র ১৭ ওভারে তিন উইকেট হারিয়ে করে ৮৩। রবীন্দ্রর দীপ দে ২৫ রানে ৪ ও ভাস্কর দে ১২ রানে ৩ উইকেট দখল করেন। তাদের সুজন সাধুখাঁ করেন ২০ রান।

স্ত্রী ও মেয়েকে খুনের চেষ্টা, ধৃত

নিজস্ব সংবাদদাতা • পাণ্ডবেশ্বর

নিজের স্ত্রী ও তিন বছরের শিশুকন্যাকে খুন করার চেষ্টার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে, পাণ্ডবেশ্বর নিচু পাড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সত্যম গড়াই। তিনি মোবাইল সারানোর কাজ করেন। এ দিন দুপুরে তিনি বাড়ি ফিরে স্ত্রী ময়না গড়াই ও তিন বছরের মেয়ে সুমনা গড়াইকে নোড়া দিয়ে আঘাত করেন বলে অভিযোগ। পড়শিরা ঘটনাস্থলে এসে সত্যমবাবুকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে। মা ও মেয়েকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হচ্ছে।

দুর্ঘটনায় মহিলার মৃত্যু, জখম তিন

নিজস্ব সংবাদদাতা • দাদপুর

ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে মৃত্যু হল এক মহিলার। জখম তিন জন। সকলেই গাড়ির যাত্রী ছিলেন। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটে হুগলির দাদপুরে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। পুলিশ জানায়, মৃতের নাম শেহেনাজ হেনি লস্কর (৩৫)। তাঁর বাড়ি দুর্গাপুরে। গাড়িটি কলকাতা থেকে দুর্গাপুর যাচ্ছিল। দুর্ঘটনার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাশের নয়ানজুলিতে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই মহিলার মৃত্যু হয়। আহতদের চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অস্ত্র-সহ ধৃত ১২

নিজস্ব সংবাদদাতা • কাঁকসা

গোপন সূত্রে খবর পেয়ে পাইপগান, ২ রাউন্ড গুলি-সহ ১২ জনকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে কাঁকসার খাটপুকুর এলাকার ঘটনা। একটি চারচাকা গাড়িও আটক করা হয়। পুলিশের অনুমান, ওই দলটি একটি বন্ধ রাস্ট্রায়ত্ত সার কারখানায় ডাকাতির উদ্দেশ্য জড়ো হয়। ধৃতরা সকলেই বীরভূমের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার ধৃতদের আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেওয়া হয়।

অবৈধ মদ বিক্রি

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

অবৈধ মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করছে বর্ধমান থানার পুলিশ। ধৃতের নাম সঞ্জয় দে। তার বাড়ি রথতলা কাঞ্চননগরের নতুন পল্লিতে। পুলিশ জানিয়েছে, আলমগঞ্জের গুড়পট্টিতে সঞ্জয়ের হেফাজত থেকে ১৫০ লিটার বিভিন্ন ধরনের মদ ও নগদ ৬ হাজার টাকা আটক করা হয়েছে। মঙ্গলবার ধৃতকে আদালতে তোলা হলে পুলিশি হেফাজত হয়।

বারাবনিতে ধৃত

নিজস্ব সংবাদদাতা • আসানসোল

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে বারাবনির পুলিশ ইসলামপুর থেকে এক যুবককে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, মঙ্গলবার ধৃতকে আদালতে তোলা হলে ১৪ দিন জেল-হাজতে পাঠানো হয়। অভিযোগকারিণীর গোপন জবানবন্দি নিয়েছে আদালত।

কয়লা বাজেয়াপ্ত

নিজস্ব সংবাদদাতা • আসানসোল

ম্যাটাডর বোঝাই অবৈধ কয়লা বাজেয়াপ্ত করেছে পুলিশ। মঙ্গলবার রানিগঞ্জের মঙ্গলপুর এলাকা থেকে প্রায় দুই মেট্রিক টন কয়লা আটক করা হয়েছে। কয়লা পাচারের অভিযোগে গাড়ির চালক গ্রেফতার হলেও দু’জন পালিয়ে গিয়েছে।

মন্দিরে মূর্তি ভাঙা

নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া

মন্দিরে ঢুকে মূর্তি ভাঙচুরের অভিযোগ উঠেছে জামুড়িয়ার বাগান ধাওড়া এলাকায়। দোষীদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা জামুড়িয়া থানায় গিয়ে বিক্ষোভ দেখান। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

আঞ্চলিক সম্মেলন

নিজস্ব সংবাদদাতা • আসানসোল

সব পেয়েছির আসরের আসানসোল মহকুমা আঞ্চলিক সম্মেলন হল মহিশালায়। সংগঠনের সর্বভারতীয় সম্পাদক শ্যামল বসু জানান, পরিকাঠামোগত উন্নয়নের উপায় নিয়ে আলোচনা হয়েছে।

ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু

অস্বাভাবিক মৃত্যু হয়েছে দ্বাদশ শ্রেণির এক পড়ুয়ার। বধর্মানের গোলহাটের বাসিন্দা ওই ছাত্রীর নাম সাহানাজ সুলতানা (১৯)। স্থানীয় শিশুনিকেতন হাইস্কুলের ছাত্রী ছিলেন তিনি। রবিবার ঘরের মধ্যেই ঝুলন্ত দেহ মেলে তাঁর। কীটনাশক খেয়ে মৃত্যু হয়েছে সুপর্ণা বাউরি (১৮) নামে এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরও। বারাবনির বাসিন্দা ওই ছাত্রী পরীক্ষা খারাপ হওয়ায় আত্মঘাতী হন বলে তাঁর পরিবারের দাবি।

কোথায় কী

বুদবুদ

হরিনাম সংকীর্তন। পরিশা শিমুলতলা ব্রহ্মচারী আশ্রম। সন্ধ্যা সাতটা। উদ্যোগ: পরিশা শিমুলতলা বহ্মচারী দেবাশ্রম সমিতি।

দুর্গাপুর

ভলিবল লিগ। সানডে ক্লাবের মাঠ। বিকাল ৪টা। উদ্যোগ: মহকুমা ক্রীড়া সংস্থা।

bard tukro
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy