৫১ দিন পরে জামিন নেতার
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
আদালতে আত্মসমর্পণ করার ৫১ দিনের মাথায় জামিন পেলেন তৃণমূল নেতা অমিতাভ পাঁজা হত্যাকােণ্ডের অন্যতম অভিযুক্ত সিপিএম নেতা গণেশ চৌধুরী-সহ ১০ জন। মঙ্গলবার জেলা জজ পবনকুমার মণ্ডল তাদের জামিন দিয়েছেন বলে ওই ১০ জনের আইনজীবী কমল দত্ত জানান। গত ২৬ এপ্রিল ভোরে বর্ধমানের হাটগোবিন্দপুরে খুন হয়েছিলেন তৃণমূলের নেতা অমিতাভ পাঁজা। পরে থানায় অভিযোগ জানান স্থানীয় নিমাই সিংহ নামে এক বাসিন্দা।
জামিনের পরে।—নিজস্ব চিত্র।
সিপিএম অবশ্য ঘটনাটিকে সংঘর্ষ বলে দাবি করেছিল। ওই ঘটনার পরে গ্রামে সিপিএম কর্মী ও সমর্থকদের বাড়ি পুড়িয়ে দেওয়া ও লুঠপাট করা হয়। পুলিশ অবশ্য সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য গণেশবাবু-সহ ওই ১০ জনকে গ্রেফতার করতে পারেনি। কয়েকদিন পরে তাঁরা আত্মসর্মপণ করলে আদালত তাঁদের জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। পরে বর্ধমান থানা তাঁদের হেফাজতে নিজে জেরা শুরু করে। এ দিন গণেশবাবু-সহ ১০ নেতা কর্মীর জামিন পাওয়ার খবরে খুশি সিপিএম। জেলা সংশোধানাগার থেকে মালা পরিয়ে মিছিল করে দেওয়ানদিঘিতে পৌঁছে দেওয়া হয় তাঁদের। সিপিএমের বর্ধমান জেলা কমিটির অমল হালদারের দাবি, “ওই খুনের ঘটনায় কতটা জল যে পুলিশ মিশিয়েছে তা ঘটনার বিচার শুরু হলেই পরিষ্কার হয়ে যাবে। আমাদের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সহ ১০ জন ৫১দিন জেলে ছিলেন। আমরা মিছিল করে ওঁকে ও অন্যান্যদের বাড়ি পৌঁছে দিয়ে আসাটা কর্তব্য বলে মনে করেছি।”
নাবালিকাকে ধর্ষণে কারাদণ্ড
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তির কারাদণ্ডের নির্দেশ দিল বর্ধমান জেলা জজ আদালত। মঙ্গলবার এই রায় দেন বর্ধমান জেলা জজ আদালতের তৃতীয় অতিরিক্ত দায়রা বিচারক বৈদ্যনাথ ভাদুড়ি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাজাপ্রাপ্ত আসামীর নাম অজয় দাস। তার বাড়ি আসানসোল উত্তর থানার বনবিষ্ণুপুরে। গত ২১ জানুযারি আসানসোলেরই কাসোয়া গ্রামে আট বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে অজয়।
ধৃত অজয় দাস।—নিজস্ব চিত্র।
গুরুতর অসুস্থ অবস্থায় ওই নাবালিকাকে আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এর পর ওই নাবালিকার পরিবার আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করেন। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। এই ঘটনায় ৬ ফেব্রুয়ারি চার্জশিট দেয় পুলিশ। বর্ধমানের বিশেষ আদালতে বিচার শুরু করা হয়। এই মামলায় আসানসোল মহকুমা হাসপাতালের চিকিৎসক তপন বন্দ্যোপাধ্যায়-সহ মোট ১৬ জন স্বাক্ষী দেন। এ দিন বিচারক অভিযুক্তের ১২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন। জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের নির্দেশ ও রাজ্য সরকারের কাছে ওই নাবালিকাকে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। এ দিন আদালত চত্বরে উপস্থিত ছিলেন ওই নাবালিকার মা ও বাবা। তাঁরা বলেন, “এ দিন বিচারকের রায়ে আমরা খুশি।”
খনিতে চুরি চলছেই
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ
সিসিটিভি ক্যামেরা বসিয়েও চুরি আটকানো যাচ্ছে না ইসিএলের সাতগ্রাম এরিয়ার নর্থব্রুক সেন্ট্রাল কোল ডিপোয়। এমনই অভিযোগ করেছে খনি কর্তৃপক্ষ। ওই কোল ডিপোতে সবথেকে বেশি কয়লা যায় জেকে নগর কোলিয়ারি থেকে। ওই কোলিয়ারির এজেন্ট এস কুমার জানান, এই সাইডিংয়ে প্রায় প্রতি দিনই চুরির ঘটনা ঘটছে। গত এক বছরে প্রায় ৫০টি চুরির এফআইআর করা হয়েছে। প্রশাসনের বিভিন্ন দফতরে জানানো হয়েছে। কিন্তু লাভ হয়নি। খনি কর্তৃপক্ষ জানান, বছর খানেক আগে একটি বৈঠকে প্রশাসন খনিতে সিসিটিভি লাগাতে বলেছিল। সেই মত চারটি সিসিটিভি লাগানো হয়। কিন্তু চুরি বন্ধ হয়নি। চুরির ছবি-সহ সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে তুলে দেওয়া হলেও লাভ হয়নি বলে অভিযোগ খনি কর্তৃপক্ষের। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এডিসিপি (সেন্ট্রাল) বিশ্বজিৎ ঘোষ জানান, অভিযোগ পেলেই পুলিশ ব্যবস্থা নেবে।
শ্রমিক সুরক্ষার দাবিতে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া
শ্রমিকদের সুরক্ষা-সহ একগুচ্ছ দাবিতে জামুড়িয়ার লোয়ারকেন্দা কোলিয়ারির চার নম্বর পিটের গেটে ঘণ্টাখানেক বিক্ষোভ দেখাল আইএনটিটিইউসি অনুমোদিত কেকেএসসি। বিক্ষোভকারীদের অভিযোগ, এই কোলিয়ারির প্রায় সব ক’টি খনির শ্রমিকরাই নিরাপত্তহীনতায় ভুগছেন। সম্প্রতি এই কোলিয়ারির ৭ নম্বর পিটে জল ঢুকে যায়। তার পর ভূগর্ভে কর্মরত দেড়শো জন খনিকর্মীকে যুদ্ধকালীন তৎপরতায় উপরে তুলে আনা হয়। এর আগেও ওই কোলিয়ারির ৬ নম্বর পিটে জল ঢুকেছে। এই দু’টি পিট এখনও বন্ধ। কেকেএসসির অভিযোগ, সুরক্ষার নামে প্রতি বছর কয়েক কোটি টাকা খরচ করে সুরক্ষা সপ্তাহ পালন করা হয়। কিন্তু আদতে রক্ষণাবেক্ষণই হয় না বললেই চলে। কর্মীদের সঠিক সময়ে সুরক্ষাজনিত টুপি ও বাতি দেওয়া হয় না। খনি কর্তৃপক্ষ জানিয়েছেন, অভিযোগগুলি খতিয়ে দেখা হবে।
গরু পাচার রুখল বাসিন্দারা
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ
গরু পাচার আটকে দিল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে, রানিগঞ্জের দামোদা ও বাউলহিরের মাঝামাঝি এলাকায়। পুলিশ সূত্রে ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার একটি লরিতে করে ২১টি গরুকে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। লরিটি দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। তাঁরা লরিটি আটকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ আসতে থেকে লরিতে থাকা চার জনই পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, তদন্তে নেমে জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়েছে। গরুগুলোকে একটি খামারে রাখা হয়েছে।
জমি দখলের নালিশ
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল
অধিগ্রহণ না করেই জমি ব্যবহার করছে ইসিএল। এই অভিযোগ উঠেছে বহুলা সংলগ্ন এলাকায়। ওই এলাকার বাসিন্দা দীপেন ঘোষ ও প্রকাশ ঘোষের অভিযোগ, তাঁদের দুই পরিবারের ৪ দশমিক ১০ একর জমিতে অধিগ্রহণ না করেই কাজ করছে ইসিএল। এ বিষয়ে কেন্দা এরিয়া কর্তৃপক্ষকে বার বার জানানো হলেও কাজ হয়নি। এরিয়া কর্তৃপক্ষ জানান, অভিযোগের সত্যতা খতিয়ে দেখে উপযুক্ত ব্যাবস্থা নেওয়া হবে।
ছুরির আঘাতে মৃত্যু যুবকের
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া
ছুরিকাহত হয়ে খুন হলেন এক যুবক। সোমবার সকালে কাটোয়া শহরে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম তারক দাস (২২)। তাঁর বাড়ি শহরের পালটিয়া রোডে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে গবাদি পশুর হাড় চুরি নিয়ে পড়শি মদন ডোমের সঙ্গে বচসা বাধে তারকের। তখনই তারকের পেটে মদন ছুরি মারে বলে অভইযোগ। কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসার পরে মৃত্যু হয় তাঁর। অভিযুক্ত মদনকে অবশ্য এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।
সাংস্কৃতিক অনুষ্ঠান
নিজস্ব সংবাদাদাতা • দুর্গাপুর
ঐক্যতান সবপেয়েছির আসর আয়োজিত দু’দিনের সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়ে গেল দুর্গাপুর মহকুমা গ্রন্থাগার ভবনে। প্রতিযোগিতায় গান, আবৃত্তি, আঁকা সহ ১২টি বিষয়ে ৭০০ জন প্রতিযোগী যোগ দেন। পুরস্কার বিতরণে ছিলেন মেয়র অপূর্ব মুখোপাধ্যায়, সুদেব রায় প্রমুখ।
কৃতী সংবর্ধনা
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া
মঙ্গলবার জামুড়িয়ায় নজরুল শতবর্ষ ভবনে পুরসভা এলাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ১৩২ জন কৃতী ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা জানাল জামুড়িয়া পুরসভা। এ দিন একই সঙ্গে এলাকার প্রাক্তন শিক্ষক ও গুণিজনদের সংবর্ধনা দেওয়া হয়।
কোথায় কী
দুর্গাপুর
দ্বিতীয় ডিভিশন ফুটবল প্রতিযোগিতা। অআকখ মাঠ। বিকাল ৩টা ১৫ মিনিট। উদ্যোগ: দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা।
বুড়ো সরকার স্মৃতি ফুটবল প্রতিযোগিতা। কমলপুর ফুটবল মাঠ। বিকাল সাড়ে ৩টা। উদ্যোগ: কমলপুর ইয়ং স্পোর্টিং ক্লাব।
জেলা পরিষদের অনুষ্ঠানে সাইকেল বিলি।
বিশ্বকর্মা মূর্তি তৈরি প্রায় শেষের পথে।
বর্ধমানের শ্যামলায় উদিত সিংহের তোলা ছবি।