শিবরাত্রি উপলক্ষে বাইজি নাচের ছবি ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে। নর্তকীদের সঙ্গে নাচতে দেখা গিয়েছিল সুরেশ পাসওয়ান নামে এক রেল আধিকারিককে।
এ বার আসানসোল রেল ডিভিশনের ওই রেল আধিকারিককে সাসপেন্ড করা হল। সূত্রের খবর, বুধবারই চিত্তরঞ্জন রেলওয়ে স্টেশনের জিআরপি ইনচার্জ সুরেশের বিরুদ্ধে পদক্ষেপ করেছে ঝাড়খণ্ডের ধানবাদ ডিভিশনের জিআরপি।
স্থানীয় সূত্রে খবর, গত ১৯ ফেব্রুয়ারি রাতে ওই অনুষ্ঠানের আয়োজন হয়। সেখানে চটুল গানে স্বল্পবসনারা নাচ করেন। তাতে তালে তাল দিয়ে নাচতে দেখা যায় রেলের আধিকারিকদের। ঝড়ের গতিতে ভাইরাল হয় ওই নাচের ভিডিয়ো। সেখানে চিত্তরঞ্জন রেল স্টেশনে কর্মরত সুরেশকে চিহ্নিত করে রেল।
আরও পড়ুন:
কী ভাবে জিআরপি আধিকারিকেরা এই রকম অশ্লীল নাচে অংশ নিলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ‘‘সমাজকে এই ভাবে কয়েক জন নষ্ট করছেন।’’ এই বিতর্কে আসানসোলের সালালপুর ব্লকের তৃণমূল সভাপতি ভোলা সিংহ বলেন, ‘‘প্রশাসনের কর্তাব্যক্তিরা এ ধরনের কাজ না করলেই ভাল। সমাজ নষ্ট হচ্ছে।’’ পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘‘এই ধরনের অনুষ্ঠান কোনও মতেই সমর্থনযোগ্য নয়।’’