E-Paper

অন্ডালে দমকল কেন্দ্র তৈরির দাবিতে চিঠি

পার্থ জানান, খনিতে ভরা এই ব্লকে কোনও দমকল কেন্দ্র না থাকায়, আগুন লাগলে অন্য শহর থেকে দমকল ডাকতে হয়। বেশির ভাগ সময়ে সেখান থেকে দমকল বাহিনী আসার আগে পুড়ে ছাই হয়ে যায় আগুন লাগা জায়গা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ০৩:০৫

— প্রতীকী চিত্র।

আটটি পঞ্চায়েত নিয়ে তৈরি ব্লক জুড়ে রয়েছে খনি এলাকা। কিন্তু কোনও দমকল কেন্দ্র নেই। অন্ডাল ব্লকে একটি দমকল কেন্দ্র চালুর আবেদন নিয়ে জেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট দফতরে চিঠি পাঠালেন রানিগঞ্জের বিজেপি বিধায়ক পার্থ ঘোষ। কেন্দ্রটি উখড়ায় হলে ভাল হয় বলে মত স্থানীয় নানা মহলের।

পার্থ জানান, খনিতে ভরা এই ব্লকে কোনও দমকল কেন্দ্র না থাকায়, আগুন লাগলে অন্য শহর থেকে দমকল ডাকতে হয়। বেশির ভাগ সময়ে সেখান থেকে দমকল বাহিনী আসার আগে পুড়ে ছাই হয়ে যায় আগুন লাগা জায়গা। তাই অন্ডালে দমকল কেন্দ্রের চাহিদা দীর্ঘদিনের। তা চালু হওয়ার জরুরি জানিয়ে‌ সম্প্রতি জেলাশাসকের মাধ্যমে বিধায়ক রাজ্য সরকারের সংশ্লিষ্ট দফতরে আর্জি জানিয়েছেন। শীঘ্রই দমকল কেন্দ্র চালু হবে বলে আশাবাদী, জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্ডালের উখড়া বাজার এলাকা জনবহুল। চারটি পঞ্চায়েতের বাসিন্দারা এই বাজারের উপরে নির্ভরশীল। এই এলাকায় রয়েছে সরকারি‌, বেসরকারি নানা প্রতিষ্ঠান। উখড়ার বাসিন্দা তথা ‘ন্যাশনাল সিটিজেন্স ফোরাম’-এর সহ-সভাপতি বাপি দে জানান, অন্ডাল ব্লকের উখড়াতেই দমকল কেন্দ্র চালু হওয়া উচিত। অন্ডাল শহর থেকে দু’দিকে ১০ কিলোমিটারের মধ্যে রানিগঞ্জ ও দুর্গাপুরে দমকল কেন্দ্র আছে। কিন্তু উখড়া-সহ অন্য অনেকএলাকা থেকে দমকল কেন্দ্রের দূরত্ব অনেকটা বেশি। আবার, উখড়াকে একটি বিস্তীর্ণ এলাকার কেন্দ্রস্থল বলা যায়। তাতে পাণ্ডবেশ্বর ব্লকের‌ও উপকার হবে।

‘উখড়া চেম্বার অব কমার্স’-এর সভাপতি মনোজ সরাফ জানান, অন্ডাল ব্লকে দমকল কেন্দ্র চালু করার প্রস্তাব রাজ্য সরকারের কাছে পাঠানোয় নবনির্বাচিত বিধায়ককে ধন্যবাদ। তবে সর্বজনীন গুরুত্বের দিক থেকে বিচার করে উখড়ায় কেন্দ্রটি হল ভাল হয় বলে মনে করেন তিনিও। ‘পাণ্ডবেশ্বর চেম্বার অব কমার্স’-এর সাধারণ সম্পাদক সুরেন্দ্রপ্রসাদ ভার্মা‌ জানান, ১৯৮২ সালে পাণ্ডবেশ্বর বাজারে দু’শোর বেশি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছিল। কুড়ি কিলোমিটার দূরে রানিগঞ্জ থেকে দমকল বাহিনী এসে একটি দোকান‌ও রক্ষা করতে পারেনি। তার পরেও পাণ্ডবেশ্বরকে গুরুত্ব দিয়ে কোনও দমকল কেন্দ্র চালু করার পরিকল্পনা নেওয়া হয়নি। উখড়ায় দমকল কেন্দ্র চালু হলে পাণ্ডবেশ্বরের অনেকটা সুবিধা হবে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বছর তিনেক আগে উখড়া থেকে প্রায় পাঁচশো মিটার দূরে সুভাষ কলোনির পাশে এবং উখড়া থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে সরপির কাছে পৃথক দু’টি জায়গায় জমি চিহ্নিত করা হয়েছিল। তার মধ্যে একটিতে দমকল কেন্দ্র চালু করার কথা বলা হলেও, তা হয়নি। বিধায়ক জানান, সরকারি স্তরে সব রকম সমীক্ষা করেই জায়গা চিহ্নিত করা হবে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Fire Brigade Andal

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy