E-Paper

সহকর্মীদের দুর্দিনে পাশে দাঁড়াতে সংগঠন রাজমিস্ত্রিদের

সম্প্রতি কাজে গিয়ে গ্রামের পরিযায়ী শ্রমিক আমিনুল হক (৩৪) কেরালায় অসুস্থ হয়ে হাসপাতালে মারা যান। স্ত্রী ও তিন নাবালক ছেলেমেয়ে নিয়ে অথৈ জলে পড়ে তার পরিবার। তাঁদের হাতে এই সংগঠনের তরফে তুলে দেওয়া হয় তিন লক্ষ টাকা।

বিমান হাজরা

শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ০৩:৫৩
মৃত আমিনুল হকের স্ত্রীকে সাহায্য সংগঠনের।

মৃত আমিনুল হকের স্ত্রীকে সাহায্য সংগঠনের। — নিজস্ব চিত্র।

সহকর্মীদের দুর্দিনে তাঁদের পাশে দাঁড়াতে সাগরদিঘির প্রত্যন্ত গ্রামে রাজমিস্ত্রিদের সংগঠন ‘দিয়ার বালাগাছি রাজমিস্ত্রি সমিতি’ দশ বছর পার করল। সম্প্রতি কাজে গিয়ে গ্রামের পরিযায়ী শ্রমিক আমিনুল হক (৩৪) কেরালায় অসুস্থ হয়ে হাসপাতালে মারা যান। স্ত্রী ও তিন নাবালক ছেলেমেয়ে নিয়ে অথৈ জলে পড়ে তার পরিবার। তাঁদের হাতে এই সংগঠনের তরফে তুলে দেওয়া হয় তিন লক্ষ টাকা।

দিয়ার বালাগাছি রাজমিস্ত্রি সমিতির অন্যতম কর্তা মিনারুক হক বলেন, “দশ বছর থেকে এই সমিতি গড়ে তুলেছি দিয়ার বালাগাছি গ্রামে। ৬৭ জন ঠিকাদার শ্রমিক ও রাজমিস্ত্রিরা রয়েছে এতে। সকলেই খেটে খায়। বাইরের রাজ্যে কাজে যায়। প্রতিনিয়ত দুর্ঘটনায় প্রাণ যায় তাঁদের কারও না কারও। পরিবারগুলি খুব অসহায় হয়ে পড়ে। সেই ভাবনা থেকেই এই সমিতি গড়ে তোলা। এ পর্যন্ত প্রায় ৪৫ লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দিতে পেরেছি এই সব অসহায় পরিযায়ী শ্রমিক পরিবারের হাতে।”

মহম্মদ বিজ্ঞান শেখ বলেন, “পরিযায়ী শ্রমিকেরা পেটের তাগিদে ভিন্‌ রাজ্যে যান। এই রাজ্যে কাজ নেই। নতুন সরকারের কাছে আমাদের আবেদন, ভিন্‌ রাজ্যে বিপদে পড়লে আমাদের পাশে দাঁড়ান।” সমিতির এক সদস্য তোতা শেখ বলেন, “এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে এক রাজনৈতিক নেতা সাহায্যের প্রতিশ্রুতি দিয়েও সাহায্য করেননি। তারপর থেকেই আমরা এই ধরনের ঘটনায় আর কোনও রাজনৈতিক দলের শরণাপন্ন হই না। বিপদে পরিযায়ীদের পরিবার যাতে ভরসা পায়, সে জন্য কিছু করুক সরকার।”

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Sagardighi Relief Aid

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy