Advertisement
E-Paper

এ বার হিংসা ছড়ানোর অভিযোগে ধৃত দুর্গাপুরের তৃণমূল কাউন্সিলর, কোর্টে হাজির করাতেই উঠল ‘চোর চোর’ স্লোগান

অভিযোগ, আদালতের সামনে আগে থেকে জড়ো হয়েছিলেন বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ। পুলিশি নিরাপত্তার মধ্যে রাজীবকে আদালতে নিয়ে যাওয়ার সময় বিজেপি কর্মীরা তাঁকে লক্ষ্য করে জুতো দেখিয়ে চোর চোর স্লোগান দিতে শুরু করেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ১৪:২১
তৃণমূল কাউন্সিলর রাজীব ঘোষকে আদালতে হাজির করানোর সময়ে ‘চোর চোর’ স্লোগান।

তৃণমূল কাউন্সিলর রাজীব ঘোষকে আদালতে হাজির করানোর সময়ে ‘চোর চোর’ স্লোগান। ছবি: ভিডিয়ো থেকে।

হিংসা ছড়ানোর অভিযোগে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে হাজির করানো হয়েছিল তৃণমূলের ব্লক সভাপতি তথা কাউন্সিলর রাজীব ঘোষকে। আদালত চত্বরে তাঁকে জুতো দেখিয়ে ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয়। আঙুল ওঠে বিজেপি কর্মীদের একাংশের দিকে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী।

হিংসা ছড়ানোর অভিযোগে গ্রেফতার হন দুর্গাপুর ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি তথা ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব। তাঁকে বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করানো হলে আদালত চত্বরে উত্তেজনা ছড়ায় বলে অভিযোগ। অভিযোগ, আদালতের সামনে আগে থেকে জড়ো হয়েছিলেন বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ। পুলিশি নিরাপত্তার মধ্যে রাজীবকে আদালতে নিয়ে যাওয়ার সময় বিজেপি কর্মীরা তাঁকে লক্ষ্য করে জুতো দেখিয়ে চোর চোর স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ বাহিনী।


বিজেপির দাবি, দীর্ঘদিন ধরেই এলাকায় সন্ত্রাস, হুমকি, টাকা তোলা এবং রাজনৈতিক অত্যাচারের সঙ্গে জড়িত ছিলেন রাজীব। বুধবার গভীর রাতে ইস্পাত নগরীর তানসেন এলাকায় গোপন বৈঠক করতে গিয়ে বিজেপি কর্মীদের হাতে পাকড়াও হন তিনি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাঁকে আটক করে দুর্গাপুর থানার পুলিশ। পরে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে দুর্গাপুর মহকুমা আদালতে তাঁর উদ্দেশে স্লোগান দেওয়া হয়, ‘সন্ত্রাসের জবাব চাই’, ‘চোরকে শাস্তি দাও’। জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, ‘‘তৃণমূলের ব্লক সভাপতি ভয় দেখিয়েছে মানুষকে। গরিব মানুষের টাকা লুট করেছে। নির্বাচনের আগে এবং পরে হিংসার ঘটনা ঘটিয়েছে। এই সব লোককে কোমরে দড়ি পরিয়ে আনা দরকার। এত প্রতারণা করেছে যে চোরে পরিণত হয়েছে। সেই জন্যই মুখ ঢাকা দিয়ে নিয়ে আসতে হচ্ছে।’’ তৃণমূলের তরফে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy