Advertisement
E-Paper

টুকরো খবর

রামনবমী উপলক্ষে আয়োজিত মিছিলের জেরে নাকাল হলেন নিত্যযাত্রীরা। বৃহস্পতিবার এই মিছিলের জেরে ঘণ্টা তিনেক যানজটে ভুগল রানিগঞ্জ শহর। এ দিন শহরে এসে যানজটে মিনিট কুড়ি আটকে থাকেন খোদ রাজ্যের শিল্প ও অর্থমন্ত্রী অমিত মিত্র। মিছিলে আটকে যায় স্থানীয় তৃণমূল বিধায়ক সোহরাব আলির গাড়িও। তাঁর কপালে তিলকও কেটে দেওয়া হয়। বিধায়ক তাঁদের ধন্যবাদ জানিয়ে বণিক সংগঠনের সভায় চলে যান।

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৪ ০১:৪২

মিছিলের জেরে যানজট রানিগঞ্জে
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ

রানিগঞ্জে তোলা নিজস্ব চিত্র।

রামনবমী উপলক্ষে আয়োজিত মিছিলের জেরে নাকাল হলেন নিত্যযাত্রীরা। বৃহস্পতিবার এই মিছিলের জেরে ঘণ্টা তিনেক যানজটে ভুগল রানিগঞ্জ শহর। এ দিন শহরে এসে যানজটে মিনিট কুড়ি আটকে থাকেন খোদ রাজ্যের শিল্প ও অর্থমন্ত্রী অমিত মিত্র। মিছিলে আটকে যায় স্থানীয় তৃণমূল বিধায়ক সোহরাব আলির গাড়িও। তাঁর কপালে তিলকও কেটে দেওয়া হয়। বিধায়ক তাঁদের ধন্যবাদ জানিয়ে বণিক সংগঠনের সভায় চলে যান। এ দিন সকাল ১১টা থেকে শুরু হওয়া মিছিল শেষ হয় দুপুর ২টো নাগাদ। মিছিলে অনেকের হাতেই ছিল বিশ্ব হিন্দু পরিষদের পতাকা। দুপুর ১২টা নাগাদ রানিগঞ্জ মোড়ে দাঁড়িয়ে ছিলেন রানিগঞ্জের টিডিবি কলেজের শিক্ষক জগন্নাথ চক্রবর্তী। এক মোটরবাইক আরোহীকে হাত দেখিয়ে দাঁড় করিয়ে তাঁকে গন্তব্যে পৌঁছে দেওয়ার অনুরোধ করছিলেন তিনি। জগন্নাথবাবু জানান, কোনও আগাম নোটিস ছাড়াই হঠাত্‌ এই ধরনের মিছিলের জেরে তিনি আধ ঘণ্টা দাঁড়িয়ে। মিছিলের জেরে রিকশা চলাচল পর্যন্ত বন্ধ। তাঁর কথায়, “এত বড় মিছিল থাকলে প্রশাসনের উচিত নাগরিকদের আগাম জানানোর ব্যবস্থা করা।” আসানসোল মহকুমা মিনিবাস অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদীপ রায়েরও দাবি, তাঁরা এই মিছিলের ব্যাপারে কিছুই জানতেন না। জানলে বিকল্প রাস্তা ব্যবহার করে যাত্রী দুর্ভোগ কমাতে পারতেন বলে জানান তিনি। সুদীপবাবু বলেন, “কিছু পরীক্ষার্থীও এ জন্য বিপাকে পড়েছিল।” বিধায়ক সোহরাব আলি জানান, রামনবমী উপলক্ষে প্রতি বছর খনি ও শিল্পাঞ্চলে বিভিন্ন জায়গায় বহু দিন ধরে এই মিছিল হয়ে আসছে। এর পিছনে রাজনীতির কোনও হাত রয়েছে, এ কথা তিনি মানতে চাননি। প্রশাসনের কাছে অনুমতি নিয়েই মিছিলের আয়োজন হয়েছিল বলেও জানান তিনি। মিছিলের আয়োজকেরাও জানান, তাঁরা প্রশাসনের অনুমতি নিয়েছিলেন। আসানসোলের মহকুমাশাসক অমিতাভ দাস বলেন, “এমন যদি ঘটে থাকে তা ঠিক হয়নি। এই ধরনের মিছিল হবে তা মাইকে প্রচার করা উচিত ছিল স্থানীয় প্রশাসনের। ভবিষ্যতে যাতে এমন না ঘটে, সে দিকে খেয়াল রাখা হবে।”

সংশাধনাগার থেকে সরানো হল মা-মেয়েকে
নিজস্ব সংবাদদাতা • কালনা

মহকুমাশাসকের দফতরের এক ম্যাজিস্ট্রেটকে খুনের চেষ্টা ও মারধরে অভিযুক্ত স্ত্রী ও মেয়েকে কালনা উপসংশোধনাগার থেকে সরানো হল বৃহস্পতিবার। মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলা থাকাকালীন ডেপুটি ম্যাজিস্ট্রেট তারাশঙ্কর ঘোষের স্ত্রী প্রচণ্ড চিত্‌কার, চেঁচামেচি করছিলেন। সংশোধনাগারের এক ওয়ার্ডেন খাবার দিতে গেলে তাঁকে মারধর করেন বলেও অভিযোগ। এরপরেই সংশোধনাগারের তরফে ওই মা-মেয়েকে স্থানান্তরিত করার আবেদন করা হয়। এ দিন কালনার মহকুমাশাসক সব্যসাচী ঘোষ বলেন, “বর্ধমানের পরিকাঠামো ভাল, তাদের সেখানে পাঠানো হয়েছে। আবার আদালতে তোলার দিন কালনায় আনা হবে।” গত ৩ এপ্রিল নিজের কার্যালয়ে তারাশঙ্করবাবুকে নিজের কার্যালয়ে ঝাঁটা, জুতো দিয়ে মারধরের অভিযোগ ওঠে তাঁর স্ত্রী ও বড় মেয়ের বিরুদ্ধে। পরে কালনা মহকুমাশাসকের অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

স্ত্রীকে খুনে গ্রেফতার যুবক
নিজস্ব সংবাদদাতা • আসানসোল

স্ত্রীকে খুনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল হিরাপুর থানার পুলিশ। ধৃতের নাম বিবেক রজক। পুলিশ জানিয়েছে, বুধবার দুপুরে বিবেক তার স্ত্রী লক্ষ্মীকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। চিকিত্‌সকেরা পরীক্ষা করে জানান, ওই বধূর মৃত্যু হয়েছে। হাসপাতাল থেকেই থানায় খবর দেওয়া হয়। পুলিশ প্রথমে বিবেককে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে বিহারের ভাগলপুরের বাসিন্দা পঙ্কজ রজক অভিযোগ করেন, তাঁর মেয়ে লক্ষ্মীকে (২৫) শ্বশুরবাড়ির লোকেরা পিটিয়ে মেরেছে। এরপরেই বিবেককে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই মহিলার বুকে ভারি কিছু দিয়ে আঘাত করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে লক্ষ্মীর দেওরকেও খুঁজছে পুলিশ।

হারল বিন্দাস বয়েজ

নিজস্ব সংবাদদাতা • আসানসোল

মৌটুসি স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় বৃহস্পতিবার জয়ী হল নাইন ওয়ারিয়র। গুপ্ত ইঞ্জিনিয়ারিং কলেজ মাঠে বিন্দাস বয়েজকে ১-০ গোলে হারায় তারা।


দোমহানির জয়
নিজস্ব সংবাদদাতা • আসানসোল

মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৭ ক্রিকেট প্রতিযোগিতার বৃহস্পতিবারের খেলায় জয়ী হল দোমহানি একাদশ। আসানসোল রেল মাঠে সেল আইএসপিকে ৩ রানে হারায় তারা। প্রথমে ব্যাট করে দোমহানি ২৫ ওভারে ৭ উইকেটে ১৩৯ রান করে। জবাবে সেল ১৩৬ রানের বেশি তুলতে পারেনি।


জিতল ক্রিসেন্ট
নিজস্ব সংবাদদাতা • চিত্তরঞ্জন

চিত্তরঞ্জন জোনাল স্পোটর্স অ্যাসোসিয়েশন আয়োজিত নকআউট ফুটবল প্রতিযোগিতায় বৃহস্পতিবারের খেলায় জয়ী হল ক্রিসেন্ট ক্লাব। এ দিন তারা থার্ড সন ক্লাবকে ২-১ গোলে হারিয়ে দেয়।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

নির্ধারিত নিয়োগ পরীক্ষা স্থগিত করে দিল বর্ধমান বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের কলকাতা ক্যাম্প অফিসে ১২ এপ্রিল ওই পরীক্ষা হওয়ার কথা ছিল। পরে নির্বাচন কমিশনের নির্দেশে তা স্থগিত করা হয়েছে বলে রেজিস্ট্রার শ্রীপতি মুখোপাধ্যায় জানিয়েছেন। তিনি বলেন, “লোকসভার নির্বাচন শেষ হওয়ার পরে এই পরীক্ষাটি হবে। প্রার্থীদের বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যোগাযোগ করতে বলা হয়েছে।” বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একটি সূত্রের খবর, ভোট প্রক্রিয়া চলাকালীনই একাধিক নিয়োগ পরীক্ষা নিয়েছে বিশ্ববিদ্যালয়। সেকথা জানতে পেরেই নির্বাচন কমিশন রেজিস্ট্রারকে ওই ধরনের পরীক্ষা নিতে নিষেধ করে। বিশ্ববিদ্যালয়ের যুগ্ম রেজিস্ট্রার দেবীদাস মণ্ডল বলেন, “মঞ্জুরি কমিশনের টাকায় চলা একটি প্রকল্পের জন্য একজন অস্থায়ী কর্মী নিয়োগের পরীক্ষাটি নিতে হবে। তা না হলে, মঞ্জুরি কমিশন টাকা ফেরত নিয়ে নেবে। আমরা ওই পরীক্ষা যাতে নেওয়া যায়, তার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানাব।”

স্টেশনে ধৃত তিন

ছিনতাইয়ের উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে তিন জনকে গ্রেফতার করল আসানসোল জিআরপি থানার পুলিশ। বৃহস্পতিবার আসানসোল স্টেশন থেকে তাদের ধরা হয়। সন্ধ্যার পর থেকে এক দল দুষ্কৃতী ঘোরাফেরা করে স্টেশনে। যাত্রীদের ব্যাগ, মোবাইল ছিনিয়ে পালায় তারা।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy