তিন দফা দাবিতে শুক্রবার জামুড়িয়ার বিডিও-র কাছে স্মারকলিপি দিলেন কেন্দা গ্রাম রক্ষা কমিটির সদস্যরা। কমিটির তরফে বিজু বন্দ্যোপাধ্যায় জানান, ইসিএল কেন্দায় মেগা প্রজেক্ট চালু করতে চাইছে। কাজ শুরু আগে এলাকার খাস জমির নকশা তৈরির দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দাদের একাংশ। এ ছাড়া ঢুলাবাদের পরিত্যক্ত খনির জল এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে ব্যবহার করেন বলে তাঁদের দাবি। এই পরিস্থিতিতে পানীয় জলের বিকল্প ব্যবস্থার দাবি তুলেছেন তাঁরা। ওই কমিটির দাবি, এলাকার বাসিন্দারা সরকারের কাছ থেকে ওই এলাকায় থাকার জন্য পাট্টা পেয়েছিলেন। তাই পুনর্বাসনেরও দাবি জানিয়েছেন কমিটির সদস্যরা। বিডিও বুদ্ধদেব পানের আশ্বাস, দাবিগুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।