Advertisement
E-Paper

প্রবল শিলাবর্ষণে আটকে অসহায় বাছুর, দুর্যোগ মাথায় নিয়ে অবোলা প্রাণীকে বাঁচাতে ছুটলেন তরুণ! ভাইরাল ভিডিয়ো

টপটপ করে একের পর এক শিলা পড়ছে। তার মাঝে দাঁড়িয়ে রয়েছে এক বাছুর। প্রাণের পরোয়া না করে এক তরুণ ছুটে গেলেন সেটিকে দুর্যোগের কবল থেকে বাঁচাতে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ০৮:০৩

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রাজস্থানে আচমকা পশ্চিমি ঝঞ্ঝার দাপট। রবিশস্য কাটার দোরপ্রান্তে সুদূর বালুরাশির বেশ কিছু অংশ ঢেকে গেল সাদা শিলার চাদরে। সেই দৃশ্যের নানা ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। এক ভিডিয়োয় দেখা যাচ্ছে, টপটপ করে একের পর এক শিলা পড়ছে। তার মাঝে দাঁড়িয়ে রয়েছে এক বাছুর। প্রাণের পরোয়া না করে এক তরুণ ছুটে গেল সেটিকে দুর্যোগের কবল থেকে বাঁচাতে। মন ভাল করা সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো অনুযায়ী, ঘটনাটি রাজস্থানের বিকানেরে ঘটেছে।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মুহুর্মুহু শিলা পড়ে চলেছে। চারিপাশ সাদা হয়ে রয়েছে। তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে একটি বাছুর। সেটির গায়ে আছড়ে পড়ছে নানান আকৃতির শিলা। চেষ্টা করেও শিলার চাদর পেরিয়ে এগোতে পারছে না সে। বাছুরের এই অসহায় অবস্থা মেনে নিতে পারলেন না এক তরুণ। নিজের প্রাণের তোয়াক্কা না করে শিলাবৃষ্টি মাথায় নিয়েই দৌড়ে গেলেন তিনি। তরুণকে ছুটে আসতে দেখে বাছুরটি ভয় পেয়ে গেল। তরুণ পাশে গিয়ে দাঁড়াতে অবোলা প্রাণীটি সেখান থেকে পালানোরও চেষ্টা করল। কিন্তু তরুণ তাকে নাগালের বাইরে যেতে দিলেন না। বাছুরটিকে কোলে তুলে নিয়ে দৌড়ে ছাউনির তলায় চলে আসলেন তরুণ। তার পর সেটিকে কোল থেকে নামিয়ে দিলেন। দুর্যোগ পরিস্থিতিতে নিঃস্বার্থ মানবিকতার এই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

৩ এপ্রিল রাজস্থানের কিছু অংশ সাক্ষী থেকেছে এক ভয়ঙ্কর শিলাবৃষ্টির। সেই ঘটনার পর থেকে রাজস্থানের বিকানেরের রাজিয়াসার এবং অর্জুনসার এলাকার তাপমাত্রা হঠাৎ করেই ব্যাপক ভাবে কমে গিয়েছে। মরুভূমির সোনালি বালুকা ঢেকে গিয়েছে সাদা শিলার চাদরে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আবহাওয়া দফতর জানিয়েছে, রাজস্থানের আবহাওয়া এরই মধ্যে স্বাভাবিক হওয়ার কোনও লক্ষণ তাঁরা দেখতে পাচ্ছেন না। তাঁদের মতে, এই দুর্যোগের নেপথ্যে থাকতে পারে পশ্চিমি ঝঞ্ঝা। ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে বয়ে আসা আর্দ্রতাপূর্ণ বায়ু মরুভূমির তীব্র উত্তাপের সংস্পর্শে আসার ফলে এমনটা হয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা। এর ফলে রাজস্থানের কৃষকদের কপালে চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে। এটি তাঁদের রবিশস্য, যেমন গম কাটার সময়। সেই মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হওয়ায় ফসলের অনেক ক্ষতি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

Advertisement

‘_রিয়্যালভারত_’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকমের মন্তব্যে ভরে গিয়েছে মন্তব্যবাক্স। নেটাগরিকেরা তরুণের এই কাজকে কুর্নিশ জানিয়েছেন।

Viral Video Hail Storm Rajasthan Viral Story Instagram
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy