আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের ভর্তুকি মূল্যে রান্না করা খাবার দেওয়ার সিদ্ধান্ত নিল আসানসোল পুর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন। বৃহস্পতিবার আসানসোল পুরসভায় বৈঠকে বসেন জেলাশাসক সৌমিত্র মোহন, মহকুমাশাসক অমিতাভ দাস, মেয়র জিতেন্দ্র তিওয়ারি ও পুরসভার কাউন্সিলররা। বৈঠক শেষে অমিতাভবাবু জানান, গোটা প্রকল্পটি দেখভালের দায়িত্বে থাকবে একটি অছি পরিষদ। পরিষদটিকে সোসাইটি আইনে নথিভুক্ত করে নির্দিষ্ট নিয়মে চালানো হবে বলেও জানান তিনি। প্রশাসন সূত্রে খবর, বাজারে যে খাবার প্রায় তিরিশ টাকা দামে বিকোয়, তা এখানে ১০ টাকায় মিলবে। জিতেন্দ্রবাবু জানান, হটন রোডের কাছে একটি ভবন তৈরি করে সেখান থেকে খাবার দেওয়া হবে। বেশ কয়েকটি বণিক সংগঠনের তরফেও প্রকল্প রূপায়নে সাহায্য করার আশ্বাস দেওয়া হয়েছে বলে অমিতাভবাবুর দাবি। প্রকল্প রূপায়নে মেয়র পারিষদ পূর্ণশশী রায় এক বছরের সান্মানিকের পুরো টাকা এবং বিরোধী নেতা সিপিএমের ওয়াসিমুল হক বাম কাউন্সিলরদের তরফে ১০ হাজার টাকা দেবেন বলে খবর।