এক দিকে সিপিএমের ঘরের ছেলের জোড়া ফুলে দাঁড়ানো, অন্য দিকে তৃণমূলের এই কৌশলকে গেঁথে বিরোধীদের ভোট চাওয়া— দুইয়ে মিলে উপনির্বাচনের প্রচার জমজমাট কেতুগ্রামের সীতাহাটি পঞ্চায়েতে।
গত ভোটে ওই পঞ্চায়েতের ১২ নম্বর সংসদে জিতেছিলেন সিপিএম প্রার্থী অসিতকুমার বিশ্বাস। তাঁর আকস্মিক মৃত্যুতে আসনটি ফাঁকা হয়ে যায়। অসিতবাবুর ছেলে অমিতকুমার বিশ্বাস ওই একই আসনে দাঁড়িয়েছেন এ বার। তবে লাল ঝান্ডা নয়, জোড়া ফুলের প্রতীক নিয়ে। আর তাতেই হাতে অস্ত্র পেয়েছে বিরোধীরা। সিপিএমের প্রার্থী হিসেবে যিনি দাঁড়িয়েছেন সেই প্রহ্লাদ মজুমদার ব্লক কৃষক সভার সদস্য। তিনি বলেন, ‘‘প্রলোভন দেখিয়ে সিপিএমের ঘরের ছেলেকে তৃণমূল প্রার্থী করেছে। এলাকার ভোটারেররাই প্রত্যাখান করবেন।’’ যদিও অমিতবাবুর দাবি, ‘‘বাবা এই আসনে সিপিএমের টিকিটে জিতেছিলেন। তবে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে তৃণমূলের হয়ে জোড়া ফুলের চিহ্ন নিয়ে প্রার্থী হয়েছি।’’
কংগ্রেস প্রার্থী অচিন্ত্য রায়ের আবার আশঙ্কা, তৃণমূলের সন্ত্রাসে সুষ্ঠু ভাবে ভোটই হবে না। বিজেপির প্রার্থী বিমল অধিকারী জানান, ওই এলাকা বিজেপি প্রভাবিত। তৃণূল সিপিএম বাড়ি থেকে প্রার্থী করে ভোটের কৌশল গড়েছে। তাঁর দাবি, ‘‘সিপিএম কেতুগ্রাম থেকে মুছে গিয়েছে। আমরাই জিতব।’’ সবমিলিয়ে বাড়ি বাড়ি ঘুরে প্রচার থেকে দেওয়াল লিখনে ভালই জমল উপনির্বাচনের শেষ প্রচার।