Advertisement
E-Paper

পটাশপুর চলো, মিছিল হবে ডুগডুগি বাজিয়ে, সভা বাতিলের দিনে নতুন চ্যালেঞ্জ শুভেন্দুর

বিরোধী দলনেতা জানান, আগামী রবিবার বিকেল ৪টেয় পটাশপুরে সভা হবে। আর সেই সভা হবে আদালতের অনুমতি নিয়েই।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মে ২০২৩ ২২:১২
শুভেন্দু অধিকারী। ফাইল চিত্র।

শুভেন্দু অধিকারী। ফাইল চিত্র।

পূর্ব মেদিনীপুরের পটাশপুরে রবিবার শেষ মুহূর্তে তাঁর সভার অনুমোদন বাতিল করা হয়েছে। আগামী রবিবার সেই পটাশপুরেই জনসভার ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে ‘পটাশপুর চলো’র ডাক দিয়ে শুভেন্দু বলেন, ‘‘আদালতের অনুমতি নিয়ে ডুগডুগি বাজাতে বাজাতে যাব।’’ পাল্টা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘প্ররোচনা দিয়ে গন্ডগোল করার পথ খুঁজছেন শুভেন্দু অধিকারী। চিরকাল তা-ই করে এসেছেন।’’

গত বৃহস্পতিবার ময়নার বিজেপি নেতার খুনের প্রতিবাদে জেলা জুড়ে ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছিল বিজেপি। তাদের অভিযোগ, সেই দিন পটাশপুরে বিজেপির কর্মী-সমর্থকদের উপর সিভিক ভলান্টিয়াররা নির্বিচারে লাঠিচার্জ করেছে। গ্রেফতার হয়েছেন কৃষ্ণগোপাল দাস এবং মোহনলাল শী নামে দলের দুই নেতা। তারই প্রতিবাদে রবিবার পটাশপুরে জনসভা করার কথা ছিল শুভেন্দুর। কিন্তু শেষ মুহূর্তে মাঠে সভার অনুমোদন বাতিল করে স্থানীয় দুর্গাপুজো কমিটি। পরে পটাশপুর থানা থেকে রবিবার বেলার দিকে বিজেপিকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়, এই সভার অনুমোদন বাতিল করা হয়েছে। তার পরেও সভা হলে আইনানুগ পদক্ষেপ করা হবে। শেষমেশ পূর্ব ঘোষিত সভা বাতিল করে পটাশপুরে মিছিল করে বিজেপি। সেই মিছিল শেষে পথসভা করেন শুভেন্দু।

সেই পথসভা থেকেই বিরোধী দলনেতা জানান, আগামী রবিবার বিকেল ৪টেয় পটাশপুরে সভা হবে। আর সেই সভা হবে আদালতের অনুমতি নিয়েই। শুভেন্দু বলেন, ‘‘আগামী বুধবার সুদাম পণ্ডিত কেস ফাইল করবে। সামনের রবিবার। এই পটাশপুরেই বড় সভা হবে। তার আগে কৃষ্ণগোপাল আর মোহনলালকে বের করে আনার দায়িত্ব আমার। পটাশপুর থানার সামনে গোলাপের মালা পরিয়ে সংবর্ধনা দেব ওঁদের। রবিবার ‘পটাশপুর চলো’র ডাক দিচ্ছি। ওই দিন বিকেল ৪টেয় জনসভা হবে। আদালতের অনুমতি নিয়ে ডুগডুগি বাজাতে বাজাতে যাব।’’ দলীয় কর্মীদের উদ্দেশে বিরোধী দলনেতার বার্তা, ‘‘আজ সভা করতে দেয়নি, তার সুদ-আসল তুলতে হবে পরের রবিবার।’’ তবে বিজেপি সূত্রে খবর, কোথায় সভা হবে, তা এখনও স্থির হয়নি।

পটাশপুরে দলীয় কর্মীদের উপর লাঠিচার্জের ঘটনায় সিভিক ভলান্টিয়ারদেরও নিশানা করেছেন শুভেন্দু। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘‘আমরা ৮টা সিভিকের নাম পেয়েছি। সন্ময় ব্যানার্জি রিট ফাইল করে দিয়েছেন। পিসি-ভাইপোকে যেমন ল্যাজেগোবরে করেছি, পটাশপুরের সিভিক মামলা আমার কাছে খুব ছোট কাজ। পটাশপুরের এই ছোট কাজটা আমি হাতে নিলাম।’’

পাল্টা তৃণমূলের অভিযোগ, শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করছেন শুভেন্দু। তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার মুখপাত্র পীযূযকান্তি পণ্ডা বলেন, ‘‘পটাশপুরে বিজেপির কোনও সংগঠন নেই। একটা ছোট্ট ঘটনার অজুহাতে পঞ্চায়েত ভোটের আগে এলাকা অশান্ত করার চক্রান্ত শুরু হয়েছে। এক সময় এখানে প্রতিনিয়ত আগুন জ্বলত। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর থেকে এলাকায় কোনও হানাহানির ঘটনা নেই। এটাই শুভেন্দু চাইছেন না।’’

Suvendu Adhikari
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy