গভীর রাতে দিল্লি থেকে গুরুগ্রাম যাওয়ার জন্য ক্যাব বুক করেছিলেন তরুণী। বাড়ির নীচে ছাড়তে এসেছিলেন তাঁর দাদা। ক্যাব ছাড়ার আগে দাদা এবং বোনের মধ্যে হওয়া কথোপকথনের সময় ক্যাবচালক এমন বার্তা দিলেন যে তা সমাজমাধ্যমে বিস্তর প্রশংসা কুড়িয়েছে। সেই মুহূর্তের একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। অনেকেই ক্যাবচালকের আচরণের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
‘লক্ষ্য মেহতা’ নামের এক্স হ্যান্ডল থেকে শেয়ার করা ভিডিয়োয় দেখা গিয়েছে, রাতে এক তরুণী ক্যাবে উঠছেন। তাঁর দাদা গাড়ির পাশে দাঁড়িয়ে রয়েছেন। রওনা হওয়ার আগে দাদা তাঁর বোনকে যাত্রাপথের প্রতি মুহূর্তের খবর জানাতে বলেন। বোনের নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন তিনি। ভাই-বোনের কথোপকথন শুনে এগিয়ে আসেন ক্যাবচালক এবং তাঁদের আশ্বস্ত করেন। ক্যাবচালক তরুণীর দাদাকে বলেন, ‘‘আমার নম্বর আর ঠিকানার ছবি তুলে নিন। গাড়ির গায়েই লেখা রয়েছে। উনি আমারও বোন। আমি ঠিক খেয়াল রাখব। ওঁকে ঠিক ভাবে পৌঁছে দেব।’’ তা শুনে ওই তরুণী তাঁকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘‘পরিবার তো চিন্তাই করে। ধন্যবাদ দাদা।’’ উত্তরে চালক বলেন, ‘‘চিন্তা করবেন না। এটা আপনার দাদারই ক্যাব। নিশ্চিন্তে বসুন।’’ এর পরেই গাড়ি চালু করে গন্তব্যের দিকে রওনা দেন তাঁরা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
হৃদয়স্পর্শী ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। গভীর রাতের যাত্রায় তরুণী যাত্রীর নিরাপত্তা নিয়ে ক্যাবচালকের আশ্বাসবাণী নজর কেড়েছে নেটাগরিকদের। এক নেটাগরিক ভিডিয়োটি দেখে লিখেছেন, ‘‘রাত হলে দাদাদের উচিত বোনকে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করা। ক্যাবচালক ঠিক তা-ই করেছেন। তাঁকে কুর্নিশ।’’ অন্য এক জন মন্তব্য করেছেন, ‘‘আশা করি এমন এক দিন আসবে যখন মেয়েদের আর সুরক্ষার প্রয়োজন হবে না এবং শহরটি নিরাপদ হয়ে উঠবে।’’