Advertisement
E-Paper

টুকরো খবর

কেন্দ্র আইন সংশোধন করার পরে বেআইনি লগ্নি সংস্থার বাড়বাড়ন্ত রুখতে সেবি-র হাতে যথেষ্ট ক্ষমতা এসেছে বলে মনে করেন সেবি প্রধান ইউ কে সিন্হা। বৃহস্পতিবার কলকাতায় সিন্হা বলেন, “জুলাই মাসে সেবি আইন সংশোধন করেছে কেন্দ্র। এখন আমরা তল্লাশি, নথিপত্র আটক ও সরাসরি টাকা উদ্ধার করতে পারি।”

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৪ ০৩:২৯

সেবি প্রধানের দাবি

নিজস্ব প্রতিবেদন

কেন্দ্র আইন সংশোধন করার পরে বেআইনি লগ্নি সংস্থার বাড়বাড়ন্ত রুখতে সেবি-র হাতে যথেষ্ট ক্ষমতা এসেছে বলে মনে করেন সেবি প্রধান ইউ কে সিন্হা। বৃহস্পতিবার কলকাতায় সিন্হা বলেন, “জুলাই মাসে সেবি আইন সংশোধন করেছে কেন্দ্র। এখন আমরা তল্লাশি, নথিপত্র আটক ও সরাসরি টাকা উদ্ধার করতে পারি।” সংবাদ সংস্থা জানাচ্ছে, আজই লগ্নি সংস্থা নিয়ে একটি সতর্কতা জারি করেছে সেবি। তারা জানিয়েছে, নিষেধাজ্ঞা জারি করা সত্ত্বেও কিছু লগ্নি সংস্থা এখনও বাজার থেকে টাকা তুলছে। ওই সংস্থাগুলির বেআইনি প্রকল্প নিয়ে লগ্নিকারীদের সতর্ক করেছে সেবি। এই বিষয়ে ৫১টি লগ্নি সংস্থার তালিকাও প্রকাশ করা হয়েছে। তার মধ্যে অনেকগুলিই পশ্চিমবঙ্গের।

Advertisement

কমিশনের সুপারিশ মেনে বেতন কোর্টে

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

কমিশন গড়া হয়েছিল প্রায় দেড় যুগ আগে। এত দিনে সেই শেট্টি কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন পেতে চলেছেন কলকাতা হাইকোর্ট এবং রাজ্যের বিভিন্ন নিম্ন আদালতের কর্মীরা। বেতন-কাঠামো এবং কর্মী নিয়োগের ব্যাপারে ওই কমিশনের সুপারিশ তিন মাসের মধ্যে রূপায়ণ করতে হবে বলে বৃহস্পতিবার হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দিয়েছেন বিচারপতি হরিশ টন্ডন। কলকাতা হাইকোর্ট রেজিস্ট্রির পক্ষে আইনজীবী অনন্যা দাস এ দিন জানান, সারা দেশের বিভিন্ন হাইকোর্ট এবং নিম্ন আদালতের কর্মীদের বেতন-কাঠামো এবং সেখানে কর্মী নিয়োগের নিয়মবিধি নিয়ে সুপারিশ করার জন্য ১৯৯৬ সালে অবসরপ্রাপ্ত বিচারপতি শেট্টির নেতৃত্বে একটি কমিশন গড়া হয়েছিল। সেই কমিশন ২০০৩ সালে কেন্দ্রীয় সরকারের কাছে তাদের সুপারিশ পাঠিয়ে দেয়। তারও প্রায় ছ’বছর পরে, ২০০৯ সালে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, কমিশনের সব সুপারিশ এক বছরের মধ্যে রূপায়ণ করতে হবে। কর্নাটক, মহারাষ্ট্র-সহ কয়েকটি রাজ্যের সরকার ইতিমধ্যে শেট্টি কমিশনের সুপারিশ বাস্তবায়িত করেছে। কিন্তু পশ্চিমবঙ্গে সেই সুপারিশ মেনে এত দিনেও বেতন দেওয়ার কাজ শুরু হয়নি। কমিশনের সুপারিশ বলবৎ না-হওয়ায় ওয়েস্ট বেঙ্গল কোর্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মানব মজুমদার ৭ নভেম্বর বিচারপতি টন্ডনের আদালতে একটি মামলা দায়ের করেন বলে অনন্যাদেবী জানান। এ দিন তার শুনানির পরে সুপারিশ মেনে নিতে বলা হয়।

বিজেপি-তে যোগ

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

বিজেপিতে যোগ দিলেন ভাঙড় ২ ব্লকের সিপিএমের হাজার খানেক কর্মী-সমর্থক। বৃহস্পতিবার কেএলসি থানার সামনে এক সভায় তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বিজেপির জেলা সভাপতি দেবতোষ আচার্য। তিনি জানান, বামুনঘাটা পঞ্চায়েতে সিপিএমের প্রাক্তন সদস্য দিলীপ মণ্ডলের নেতৃত্বে সমর্থকেরা তাঁদের দলে যোগ দিয়েছেন।

কয়লা চুক্তি

বীরভূমের মহম্মদ বাজার ব্লকের দেউচা পাঁচামি খনি থেকে কয়লা পাবে পশ্চিমবঙ্গ-সহ ছ’টি রাজ্য। কী ভাবে কয়লা তোলা হবে, সেই ব্যাপারে রাজ্যগুলি নিজেদের মধ্যে আলোচনা করে চুক্তি সই করেছে। আজ, শুক্রবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ওই চুক্তি অনুমোদনের জন্য পেশ করা হবে বলে নবান্ন সূত্রের খবর। মুখ্যমন্ত্রী অনুমোদন দিলে দেউচায় কয়লা তোলার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যাবে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম। রাজ্যের এক বিদ্যুৎ কর্তা জানান, ছ’টি রাজ্যই তাদের সংশ্লিষ্ট দফতর বা মন্ত্রিসভায় চুক্তিপত্রটি অনুমোদন করাচ্ছে। প্রতিটি রাজ্য অনুমোদন পেয়ে গেলেই কয়লা তোলার ব্যাপারে একটি যৌথ সংস্থা গড়া হবে। পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার, উত্তরপ্রদেশ, পঞ্জাব, তামিলনাড়ু ও কর্নাটক দেউচার কয়লা পাবে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy