Advertisement
E-Paper

অরূপের রক্ষাকবচ বহাল রইল, শতদ্রুর আর্জিতে এখনই কান দিল না হাই কোর্ট! তদন্তকাজে সাহায্য করছেন, জানাল রাজ্যও

মেসির সফরকে কেন্দ্র করে যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। অভিযোগ, মেসির গায়ে কার্যত লেপ্টে ছিলেন অরূপ। তাঁর ঘনিষ্ঠেরাও ছিলেন মেসিকে ঘিরে। পরিস্থিতির জেরে কয়েক মিনিটের মধ্যে মেসি মাঠ ছাড়তে বাধ্য হন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ১৩:০৯
যুবভারতী কাণ্ডে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের রক্ষাকবচ মামলায় আপাতত হস্তক্ষেপ করল না হাই কোর্ট।

যুবভারতী কাণ্ডে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের রক্ষাকবচ মামলায় আপাতত হস্তক্ষেপ করল না হাই কোর্ট। — ফাইল চিত্র।

যুবভারতী কাণ্ডে আপাতত স্বস্তি রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের। হাই কোর্টের একক বেঞ্চ আগেই রক্ষাকবচ দিয়েছিল তাঁকে। সেই রক্ষাকবচই আপাতত বহাল থাকছে। অরূপের রক্ষাকবচ মামলায় এখনই কোনও হস্তক্ষেপ করল না হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চ। রাজ্যও আদালতে জানিয়ে দিল, তদন্তে সহযোগিতা করছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী।

হাই কোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে উচ্চতর বেঞ্চের দ্বারস্থ হন যুবভারতী কাণ্ডে অন্যতম অভিযুক্ত শতদ্রু দত্ত। মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। সেখানে শতদ্রুর আইনজীবী সওয়াল করেন, একক বেঞ্চ রক্ষাকবচ দিয়েছে। কিন্তু অরূপের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। ওই ঘটনায় পুলিশ কোনও পদক্ষেপ করছে না বলেও সওয়াল করেন তিনি। ঘটনার পরে শুধুমাত্র এফআইআর দায়ের হয়েছে বলে এজলাসে জানান শতদ্রুর আইনজীবী।

অন্য দিকে অরূপের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী কিশোর দত্ত। শতদ্রুর মামলার গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তোলেন তিনি। কিশোরের সওয়াল, আদালত কোনও নির্দেশ দিলে তদন্ত নিয়ে বলার অধিকার থাকে না অভিযোগকারীর। ফলে তাঁর মামলা খারিজ করা উচিত। দু’পক্ষের বক্তব্য শোনার পরে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানতে চান, অরূপ তদন্তে সহযোগিতা করছেন কি না। প্রাক্তন মন্ত্রী আগাম জামিনের আবেদন করেছেন কি না এবং তদন্তকারী আধিকারিকের কাছে হাজিরা দিচ্ছেন কি না, জানতে চায় আদালত। উত্তরে রাজ্যের আইনজীবী জানান, অরূপ তদন্তে সহযোগিতা করছেন। হাজিরাও দিচ্ছেন।

রাজ্যের বক্তব্য শোনার পরে মামলার শুনানি মুলতুবি রাখে আদালত। আগামী ২ জুলাই এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। অন্য দিকে বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চের নির্দেশ অনুযায়ী, আগামী ১৭ অগস্ট পর্যন্ত রক্ষাকবচ রয়েছে অরূপের। ফলে রক্ষাকবচ মামলায় আপাতত আগামী ২ জুলাই পর্যন্ত স্বস্তি প্রাক্তন মন্ত্রীর।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে আর্জেন্তিনীয় ফুটবল তারকা লিয়োনেল মেসি কলকাতা সফরে এসেছিলেন। তাঁর সফরের মূল আয়োজক ছিলেন শতদ্রু। পূর্বতন সরকারের তৎকালীন ক্রীড়ামন্ত্রী ছিলেন অরূপ। মেসির সফরকে কেন্দ্র করে যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। অভিযোগ, মেসির গায়ে কার্যত লেপ্টে ছিলেন অরূপ। তাঁর ঘনিষ্ঠেরাও ছিলেন মেসিকে ঘিরে। পরিস্থিতির জেরে কয়েক মিনিটের মধ্যে মেসি মাঠ ছাড়তে বাধ্য হন। বিশৃঙ্খলার ঘটনায় সেই দিনেই গ্রেফতার হন শতদ্রু। এখন জামিনে মুক্ত।

পরবর্তী সময়ে অরূপের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়। গত ১০ জুন অরূপকে অন্তর্বর্তী রক্ষাকবচ দেওয়ার সময়ে হাই কোর্ট বলেছিল, বিশালসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। বহু মানুষ টিকিট কিনেছিলেন মেসিকে দেখার জন্য। নিরাপত্তা বিঘ্নিত হওয়ার জন্য সময়ের আগে মেসি মাঠ ছাড়তে বাধ্য হন। দেশের অন্য তিন শহরে একই অনুষ্ঠান সুষ্ঠু ভাবে হয়েছে। ওই ঘটনায় শহরের সম্মানহানি হয়েছে। তাই মামলাকারীকে রক্ষাকবচ দেওয়া হয়েছে মানেই আদালত চোখ বন্ধ করে থাকবে না। অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? মেসির এত কাছে কেন গেলেন তিনি? সেই প্রশ্নও তুলেছিল আদালত।

Aroop Biswas Lionel Messi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy