Advertisement
E-Paper

পুজোর আগেই ফরেন্সিক ল্যাবে নিয়োগ প্রক্রিয়া শুরু করুন, স্বরাষ্ট্র সচিবকে ডেকে নির্দেশ হাই কোর্টের

ডিভিশন বেঞ্চ জানিয়েছে, দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু না হলে আদালত অবমাননা রুল জারি করা হতে পারে। মঙ্গলবারই পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে হবে স্বরাষ্ট্রসচিবকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২২ ১২:০৭
শূন্যপদে নিয়োগের নির্দেশ হাই কোর্টের।

শূন্যপদে নিয়োগের নির্দেশ হাই কোর্টের। —ফাইল ছবি

রাজ্যের ফরেন্সিক দফতরের ১০টি পদে অবিলম্বে নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। পুজোর আগেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে বলে জানিয়েছে বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ।

একটি মামলা সংক্রান্ত প্রয়োজনে রাজ্যের স্বরাষ্ট্রসচিব ভগবতীপ্রসাদ গোপালিকাকে মঙ্গলবার সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। সেই মতো তিনি আদালতে গিয়েছিলেন। সেখানে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চের তরফে তাঁর কাছে প্রশ্ন করা হয়, কেন ফরেন্সিক দফতরের ১৭টি পোস্টে এখনও নিয়োগ হয়নি? এর পরই অবিলম্বে নিয়োগ শুরু করার নির্দেশ দেওয়া হয়। উচ্চ আদালত জানিয়েছে, চলতি সপ্তাহেই নিয়োগের কাজ শুরু করতে হবে।

এ প্রসঙ্গে ডিভিশন বেঞ্চ এ-ও জানিয়েছে, অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু না হলে আদালত অবমাননা রুল জারি করা হতে পারে। মঙ্গলবারই পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে হবে স্বরাষ্ট্রসচিবকে। আদালত জানিয়েছে, মঙ্গলবার দুপুর ২টোয় ফের স্বরাষ্ট্রসচিবকে আদালতে হাজিরা দিতে হবে। তবে তিনি ভার্চুয়াল মাধ্যমে হাজির থাকতে পারবেন। ওই সময়ের মধ্যে পিএসএসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে তাঁকে আদালতে জানাতে হবে, পুজোর ছুটির আগে অর্থাৎ ৩০ সেপ্টেম্বরের মধ্যে ফরেন্সিক দফতরে নিয়োগ শুরু করা যাবে কি না।

বস্তুত, কলকাতা হাই কোর্টে নারকোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স (এনডিপিএস) আইনে একটি মামলা করেছিলেন উৎপল সরকার নামে জনৈক ব্যক্তি। সেই মামলায় রাজ্যের ফরেন্সিক দফতরের কাছ থেকে রিপোর্ট চেয়েছিল আদালত। কিন্তু সেই রিপোর্ট সময় মতো জমা পড়েনি। রাজ্যের আইনজীবী আদালতে জানিয়েছিলেন, ফরেন্সিক দফতরে কর্মচারী না থাকায় রিপোর্ট দেওয়া যায়নি। উল্লেখ্য, ফরেন্সিক দফতরে দু’টি বিভাগ মিলিয়ে মোট শূন্যপদ ১৭। একটি বিভাগের ১০ পদে দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছে আদালত।

Calcutta High Court Forensic Department Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy