এক জন ছিলেন বাম জমানার প্রথম অর্থমন্ত্রী। অন্য জন লোকসভার প্রাক্তন স্পিকার। প্রথম জনের সঙ্গে দলের সরাসরি সম্পর্ক নেই দীর্ঘ দিন। দ্বিতীয় জন ইউপিএ-১ সরকার থেকে বামেরা সমর্থন প্রত্যাহারের সময় স্পিকার পদ ছাড়তে না চাওয়ায় বহিষ্কৃত হয়েছিলেন। কলকাতায় অসুস্থ দুই বর্ষীয়ান রাজনীতিবিদকে একসঙ্গে দেখতে গেলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ও রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। রাজ্য কমিটির বৈঠক শেষ হওয়ার পরে বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতায় দু’জনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাঁরা। অশোকবাবু ও সোমনাথবাবুর সঙ্গে সিপিএমের দুই শীর্ষ নেতার এমন সৌজন্য সাক্ষাৎ সাম্প্রতিক কালে বিরল। টানাপড়েনের সময়েও ইয়েচুরির সঙ্গে সোমনাথবাবুর সম্পর্ক অবশ্য ভালই ছিল। ঘটনাচক্রে, ইয়েচুরি সোমনাথবাবুর কাছে যাওয়ার জন্য রওনা হওয়ার ঠিক আগেই এ দিন আলিমুদ্দিন ছাড়েন দলের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাট। সোমনাথবাবুর বহিষ্কার ঘটেছিল যাঁর জমানায়!