Advertisement
E-Paper

রাজ্য কমিটির বর্ধিত বৈঠক স্থগিত করে দিল সিপিএম, আরজি কর পরিস্থিতিতেই সিদ্ধান্ত, জানালেন সেলিম

গত দু’দিন ধরেই সিপিএমে জল্পনা ছিল, বর্ধিত অধিবেশন হবে কি না তা নিয়ে। সোমবার সেলিম এ ব্যাপারে সম্পাদকমণ্ডলীর সদস্যদের মতামত নেন বলে খবর। তার পরেই তা স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৪ ১৬:০১
CPM

সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। —গ্রাফিক শৌভিক দেবনাথ।

আরজি কর-কাণ্ডের আবহে রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন স্থগিত করে দিল সিপিএম। আগামী ২৩-২৫ অগস্ট নদিয়ার কল্যাণীতে ওই অধিবেশন বসার কথা ছিল। লোকসভা ভোটের পর্যলোচনা এবং সম্মেলন সংক্রান্ত নির্দেশিকা স্থির করতেই তিন দিনের বর্ধিত অধিবেশন করতে চেয়েছিল আলিমুদ্দিন। তবে পরিস্থিতির কারণে তা স্থগিত করে দিল রাজ্য সিপিএম।

দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘‘মানুষ আন্দোলনে রাস্তায়। এই সময়ে আমরা কখনওই ঘরে ঢুকে থাকতে পারি না। যে মানুষ আক্রান্ত হচ্ছেন, মামলায় জর্জরিত হচ্ছেন, তাঁদের সহায়তার পাশাপাশি আন্দোলনের রাস্তাতেও ছাত্র-যুব-মহিলারা রয়েছেন। পরিস্থিতির কথা বিবেচনা করেই কল্যাণীর কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’’

গত দু’দিন ধরেই সিপিএমে জল্পনা ছিল, বর্ধিত অধিবেশন হবে কি না তা নিয়ে। সোমবার সেলিম এ ব্যাপারে সম্পাদকমণ্ডলীর সদস্যদের মতামত নেন বলে খবর। তার পরেই তা স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ২২ অগস্ট প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভা অনুষ্ঠিত হবে। কিন্তু তার পরের তিন দিন বর্ধিত অধিবেশন স্থগিত করে দিল আলিমুদ্দিন। সিপিএম সূত্রে খবর, নদিয়ায় বর্ধিত অধিবেশন না হলেও এক দিন অল্প সময়ের জন্য রাজ্য কমিটির বৈঠক হতে পারে। সেখানে সম্মেলন সংক্রান্ত নির্ঘণ্ট এবং আরও অন্যান্য বিষয় স্থির করবে আলিমুদ্দিন। আগামী এপ্রিলে সিপিএমের পার্টি কংগ্রেস হবে তামিলনাড়ুর মাদুরাইয়ে। সেই অনুযায়ী রাজ্য ও জেলা সম্মেলনগুলির নির্ঘণ্ট তৈরি করতে হবে রাজ্য কমিটিকে। তা ছাড়া কমিটি কাঠামো এবং বয়সবিধি নিয়েও একাধিক সিদ্ধান্ত নেওয়ার রয়েছে রাজ্য কমিটিকে। সেগুলি রাজ্য কমিটির বৈঠক থেকে হবে কি না সেটাও দেখার।

R G Kar Medical College And Hospital Incident CPM
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy