দিল্লিতে ‘ভাই’ গিয়েছে, বাংলায় ‘দিদি’ও যাবে! কলকাতায় বিজেপির মহিলা মোর্চার সম্মেলনে যোগ দিতে এসে এই ভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত।
কলকাতায় এসে রেখা রবিবার সকালে কালীঘাটে পুজো দিতে গিয়েছিলেন। তার পরে সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে মহিলা সম্মেলনে যোগ দিয়ে নারী নির্যাতন থেকে শুরু করে অনুপ্রবেশ, কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতি নিয়ে তৃণমূল কংগ্রেসেকে আক্রমণ করেছেন দিল্লির বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী। পাল্টা তৃণমূল দিল্লির হাল বেহাল বলে কটাক্ষ করেছে।
রেখা এ দিন বলেছেন, ‘‘এক জন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্বেও রাজ্যে নারীদের কোনও সুরক্ষা নেই, এই দৃষ্টান্ত বিশ্বের কোথাও নেই। এখানে সরকারি হাসপাতালে মহিলা চিকিৎসকের উপরে, দুর্গাপুরে ইঞ্জিনিয়ারিং কলেজে মহিলার উপরে, কসবায় আইন কলেজে ছাত্রীর উপরে নির্যাতন হয়। অথচ মুখ্যমন্ত্রী দোষীদের আড়াল করে মহিলাদের রাতে না বেরোনোর পরামর্শ দেন। মুখ্যমন্ত্রীর কানে নির্যাতিতাদের কান্নার শব্দ পৌঁছয় না।’’ তাঁর সংযোজন, ‘‘দিদি অনুপ্রবেশকারীদের বাঁচাতে কালো কোট পরে দিল্লি চলে গেলেন অথচ রাজ্যে নারী নির্যাতনের ঘটনায় দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয় না!’’ কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়ছয় নিয়েও তৃণমূল ও তাদের সরকারকে আক্রমণ করেছেন রেখা। সম্মেলনে উপস্থিত ছিলেন কর্মসূচিতে কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রমুখ।
রেখার বক্তব্যের পাল্টা রাজ্যের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী শশী পাঁজা বলেছেন, ‘‘দিল্লিতে সম্প্রতি এক মহিলা এবং তাঁর বালিকা কন্যাকে মেরে দেহ বাক্সবন্দি করে দেওয়া হয়েছিল। চলতি বছরের জানুয়ারিতে ১৫ দিনে ৮০৭ জন মহিলা নিখোঁজ হয়ে গিয়েছিলেন। এই বিষয়ে আপনি কী পদক্ষেপ করেছেন? বাংলায় মহিলারা সুরক্ষিত আছেন এবং তাঁদের ক্ষমতায়ন ঘটছে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)