Advertisement
E-Paper

Electric Vehicles: বিদ্যুৎচালিত পরিবহণ পরিষেবা শুরু করতে চায় দফতর

পরিবহণ মন্ত্রী জানিয়েছেন, আগামী কয়েক মাসের মধ্যেই বিদ্যুৎচালিত বাস আসা শুরু হয়ে যাবে। প্রথম পর্যায়ে ৭৫টি বাস আসবে। তার পর আরও ৫০টি বাস আনা হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২২ ১৭:১৫
বিদ্যুৎচালিত পরিবহণের সংখ্যা বাড়াতে চায় পরিবহণ দফতর।

বিদ্যুৎচালিত পরিবহণের সংখ্যা বাড়াতে চায় পরিবহণ দফতর। ফাইল চিত্র।

পশ্চিমবঙ্গের বাস পরিবহণ পরিষেবাকে পুরোপুরি বিদ্যুৎচালিত করতে চায় রাজ্য পরিবহণ দফতর। শনিবার বাস পরিষেবা সংক্রান্ত প্রশ্নের জবাবে এমনই ইঙ্গিত দিয়েছেন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম। পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধির জেরে বেসরকারি বাস মালিকদের নাভিশ্বাস উঠেছে। সেই সংক্রান্ত প্রশ্নের জবাবে ফিরহাদ বলেন, ‘‘আমরা বাস পরিষেবা পুরোপুরি ইলেক্ট্রিক চালিত করার পক্ষপাতী। তাই আমরা ইতিমধ্যে বিদ্যুৎচালিত বাস আনার বিষয়ে উদ্যোগী হয়েছি।’’

পরিবহণ মন্ত্রী জানিয়েছেন, আগামী কয়েক মাসের মধ্যেই বিদ্যুৎচালিত বাস আসা শুরু হয়ে যাবে। প্রথম পর্যায়ে ৭৫টি বাস আসবে। তার পর আরও ৫০টি বাস আনা হবে। ধাপে ধাপে রাজ্য সরকার মোট ২০০০টি বিদ্যুৎচালিত বাস আনবে। পরিবহণ দফতর সূত্রে খবর, পেট্রপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির কারণে বিকল্প জ্বালানির কথা ভাবা হয়েছিল। সেই সূত্র ধরেই এ বার বিদ্যুৎচালিত বাস পরিষেবা দ্রুত চালু করার পক্ষপাতী পরিবহণ দফতর। মন্ত্রী জানিয়েছেন, বিদ্যুৎচালিত বাস চালানোর জন্য শহর জুড়ে বাস চার্জিং পয়েন্টও তৈরি করা হবে।

বিদ্যুৎচালিত বাসের পাশাপাশি, কমপ্রেসিভ ন্যাচারাল গ্যাস বা সিএনজি দিয়েও বাস পরিষেবা শুরু করেছে রাজ্য। বেসরকারি পরিবহণের ক্ষেত্রে ভর্তুকি দিয়ে বাস পরিষেবা চালু করার বিষয়ে বাস মালিকদের সঙ্গে পরিবহণ দফতরের আলোচনা অনেক দূর এগিয়েছে। মধ্যপ্রদেশের ইনদওরে তৈরি হচ্ছে বাসগুলি। কিছু বাস ইতিমধ্যে বেসরকারি বাস মালিকদের হাতে এসেছে বলেও জানিয়েছে পরিবহণ দফতর।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy