Advertisement
E-Paper

পশ্চিমবঙ্গের ভোট নিয়ে সোমবার জরুরি বৈঠকে বসছে কমিশন! অনলাইনে থাকবেন পুলিশ-প্রশাসনিক কর্তারাও

ভোট ঘোষণার আগেই পশ্চিমবঙ্গে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ১৬:১২
Election commission set to meeting for review poll preparedness

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে শনিবার। তার পরেই পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেল বিধানসভা নির্বাচনের প্রস্তুতি। ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই রাজ্যের উচ্চপদস্থ পুলিশ আধিকারিক, জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন। শুধু তা-ই নয়, আধা সামরিক বাহিনীর সঙ্গে আলোচনা করবে তারা।

শনিবার আংশিক চূড়ান্ত তালিকা প্রকাশের পর ভোটের প্রস্তুতিতে জোর দেওয়া শুরু করল কমিশন। জানা গিয়েছে, সোমবার (২ মার্চ) রাজ্যের নির্বাচনের পরিস্থিতি খতিয়ে দেখতে বৈঠকে বসবে তারা। সোমবার সকালে বৈঠকে থাকবেন রাজ্যের আইজি, ডিআইজি, জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও) বা জেলাশাসক, পুলিশ সুপার এবং এসএসপিরা।

বিকেলে কমিশনের বৈঠকে থাকবেন রাজ্য পুলিশের নোডাল অফিসার। এ ছাড়াও, আধাসামরিক বাহিনীর (সিএপিএফ) নোডাল অফিসারের সঙ্গে বৈঠক করবে কমিশন। সূত্রের খবর, সেই বৈঠকে রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি খতিয়ে দেখা হবে। এ ছাড়াও, নির্বাচনের সময় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, তা নিয়েও আলোচনা হতে পারে এই বৈঠকে। ভার্চুয়ালি হবে এই বৈঠক।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে টহল ও রুটমার্চ হবে। ভোটের আগে যাতে কোনও ধরনের ভীতির পরিবেশ বা অস্থিরতা তৈরি না হয়, সেদিকেই বিশেষ নজর রাখা হচ্ছে। পাশাপাশি স্থানীয় থানাগুলির সঙ্গেও সমন্বয় রেখে কেন্দ্রীয় বাহিনী কাজ করবে।

শনিবার প্রকাশিত তালিকা অনুযায়ী যে ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জনের নাম রয়েছে, তার মধ্যে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম এখনও বিবেচনাধীন পর্যায়ে রয়েছে। যা বিবেচনা করছেন বিচারকেরা। এর মধ্যে থেকে আরও কিছু নাম বাদ যেতে পারে। একই সঙ্গে নতুন ভোটারদের নামও যুক্ত হবে। প্রথম দফার চূড়ান্ত তালিকা থেকে আপাতত বাদ গেল ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জন। ফলে সব মিলিয়ে এখনও পর্যন্ত বাদের হিসাব দাঁড়াল ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনে। ৬ নম্বর ফর্মের মাধ্যমে নতুন নাম যুক্ত হয়েছে ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জনের। ৮ নম্বর ফর্মের মাধ্যমে নাম যুক্ত হয়েছে ৬ হাজার ৬৭১ জনের। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বিচারবিভাগীয় ঝাড়াইবাছাইয়ের পর আবার তালিকা প্রকাশ করবে কমিশন। অনেকের মতে, তার আগেই হয়তো রাজ্যে ভোট ঘোষণা হয়ে যেতে পারে।

West Bengal Assembly Election 2026 Meeting
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy