উত্তরবঙ্গের চা শিল্পে নারীদের অংশগ্রহণ ও নেতৃত্ব বাড়াতে উদ্যোগী হলেন আলিপুরদুয়ার মহিলা কলেজ কর্তৃপক্ষ। উত্তরবঙ্গের প্রথম কলেজ হিসাবে তাঁরা চালু করতে যাচ্ছেন ‘চা বাগান ব্যবস্থাপনা (টি গার্ডেন ম্যানেজমেন্ট)’ শীর্ষক ছয় মাসের সার্টিফিকেট কোর্স। এই কোর্সের মাধ্যমে নারীরা চা শিল্পের ম্যানেজরিয়াল ও প্রশাসনিক ক্ষেত্রে দক্ষ হয়ে উঠবেন এবং বাগান পরিচালনায় সক্রিয় ভূমিকা নিতে পারবেন। কলেজ সূত্রে জানা গিয়েছে, কোর্সটি স্ব-অর্থায়িত এবং এতে চার মাসের পুঁথিগত শিক্ষা ও দুই মাস হাতেকলমে প্রশিক্ষণ অন্তর্ভুক্ত থাকবে। চা শিল্পের বাস্তব অভিজ্ঞতা দিতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে মাঝেরডাবরি চা বাগানে।
পাঠ্যক্রমটি শিল্প বিশেষজ্ঞদের পরামর্শে তৈরি হওয়ায় শিক্ষার্থীরা চা উৎপাদন, বাগান পরিচালনা, মানবসম্পদ ব্যবস্থাপনা, প্রশাসনিক কাজকর্ম ও বাজার ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তবমুখী জ্ঞান অর্জনের সুযোগ পাবেন। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের এক আধিকারিক বলেছেন , ‘‘উত্তরবঙ্গের অর্থনীতিতে চা শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু এই শিল্পে নারীদের ম্যানেজমেন্ট স্তরে প্রতিনিধিত্ব এখনও সীমিত। সেই শূন্যতা পূরণ করতেই এই বিশেষ কোর্স চালুর সিদ্ধান্ত।’’ তিনি আরও বলেন “এই কোর্স নারীদের আত্মনির্ভর করে তুলবে এবং চা শিল্পে তাঁদের জন্য নতুন কর্মসংস্থানের পথ খুলে দেবে।”
আরও পড়ুন:
কলেজ পরিচালন সমিতি কোর্সটি সফল ভাবে সম্পন্নকারীদের জন্য ১০০ শতাংশ প্লেসমেন্টের বিষয়ে আশাবাদী। চা বাগান, চা শিল্প সংক্রান্ত সংস্থা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের সুযোগ তৈরি হবে বলেও আশা প্রকাশ করছেন কলেজ কর্তৃপক্ষ। পাশাপাশি কোর্সে সীমিত সংখ্যক আসন রাখা হয়েছে, যাতে প্রতিটি শিক্ষার্থী মানসম্মত প্রশিক্ষণ পেতে পারেন। ভবিষ্যতে আর্থিক ভাবে পিছিয়ে পড়া ও মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ সুবিধা চালুর পরিকল্পনাও রয়েছে বলে কলেজ সূত্রে জানা গিয়েছে। শিক্ষা ও কর্মসংস্থানের মেলবন্ধনে এই উদ্যোগ উত্তরবঙ্গের চা শিল্পে নারীদের ক্ষমতায়নের ক্ষেত্রে নতুন দিশা দেখাবে বলেই মনে করছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর।