নাগরিকদের অভাব-অভিযোগ সরাসরি শোনার লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচিকে ঘিরে বড়সড় সাইবার বিপত্তি। এই কর্মসূচির জন্য খোলা ইনস্টাগ্রাম পেজ হ্যাক হওয়ার খবরে নড়েচড়ে বসেছে প্রশাসনের শীর্ষমহল। ঘটনার গুরুত্ব বুঝে দ্রুত পদক্ষেপ করা হয়েছে নবান্নের তরফে।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষের সমস্যা, অভিযোগ ও আবেদন সরাসরি জানতে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ নামে একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়। পাশাপাশি ডিজিটাল মাধ্যমে উদ্যোগটিকে আরও জনপ্রিয় করতে সমাজমাধ্যমে পেজও খোলা হয়েছিল। অভিযোগ, সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেই অনুপ্রবেশ করে হ্যাকারেরা। সূত্রের খবর, যে সংস্থা ওই ইনস্টাগ্রাম পেজটি পরিচালনার দায়িত্বে ছিল, তারা বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করে। হ্যাকের খবর সামনে আসতেই সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করা হয়। পাশাপাশি সম্ভাব্য তদন্তের স্বার্থে ইলেকট্রনিক রেকর্ড, স্ক্রিনশট, লগ ডিটেলস ও টাইম স্ট্যাম্প সংরক্ষণ করা হয়েছে।
আরও পড়ুন:
নবান্ন সূত্রে জানা গিয়েছে, যেহেতু ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে চালু হওয়া একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি, তাই প্রথম থেকেই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা কোনও ভাবেই এই ঘটনাকে হালকা ভাবে নিতে রাজি নন। ডিজিটাল নিরাপত্তা জোরদার করার পাশাপাশি দোষীদের দ্রুত চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিধাননগর পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ডিজিটাল ফরেনসিক তথ্যপ্রমাণ সংগ্রহের মাধ্যমে তদন্ত শুরু হয়েছে। সাইবার বিশেষজ্ঞদের সহায়তায় আইপি ট্র্যাকিং, অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি অ্যানালিসিস-সহ বিভিন্ন প্রযুক্তিগত দিক খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের আশ্বাস, দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে নিরাপত্তা আরও জোরদার করা হবে।